গাংনীর ৭টি বাড়ি ও খামারে ডাকাতি

মেহেরপুরের গাংনী উপজেলার গোপালনগর ও বানিয়াপুকুর গ্রামের ৭ বাড়ি এবং মড়কা বাজারের একটি মুরগির খামারে ডাকাতি হয়েছে। ডাকাতি করে পালানোর সময় একটি বোমা বিস্ফোরণ ঘটায় ডাকাত দল। রবিবার রাতে গোপালনগর গ্রামের আহম্মেদ আলী, বদিউজ্জামান খেদু ও আমজাদ হোসেন এবং বানিয়াপুকুর গ্রামের আব্দুল হান্নান, আব্দুল মালেক, মকিদুল ইসলাম ও নাজির হোসেনের বাড়িতে একদল সশস্ত্র ডাকাত দল হানা দেয়। অস্ত্রের মুখে বাড়ির লোকজন জিম্মি করে নগদ টাকা ও সোনার গহনাসহ দুই লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয়। পালিয়ে যাওয়ার সময় আব্দুল মালেকের বাড়ির পার্শ্বে একটি বোমা বিস্ফোরণ ঘটায় ডাকাত দলের সদস্যরা। একই সময়ে মড়কা বাজারে অবস্থিত নজরুল ইসলামের মুরগির খামার পাহারাদারদের মোবাইল সেট ও মালামাল লুট করে নিয়ে যায়। গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন।