খানাখন্দের রাস্তায় কষ্টে চলাচল

নারায়ণগঞ্জ-আদমজী ইপিজেড-শিমরাইল সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দের সৃষ্টি হয়েছে। যতই দিন যাচ্ছে ততই নতুন নতুন আরও খানাখন্দের সৃষ্টি হচ্ছে। এতে দুর্ভোগ পোহাচ্ছে যাত্রীরা। যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। সড়ক ও জনপথ বিভাগের এ সড়কের খানাখন্দগুলো জরুরি ভিত্তিতে মেরামত না করায় পরিবহন মালিক, শ্রমিক ও সাধারণ যাত্রীরা ক্ষোভ প্রকাশ করেছেন। নারায়ণগঞ্জ-আদমজী ইপিজেড-শিমরাইল সড়ক অতিক্রম করে ঢাকা-আদমজী, ঢাকা-আইইটিস্কুল-নারায়ণগঞ্জ ও শিমরাইল-নারায়ণগঞ্জ রুটে শত শত যানবাহন চলাচল করে। এছাড়া আদমজী ইপিজেড, পদ্মা অয়েল কোম্পানির ডিপো, মেঘনা পেট্রোলিয়াম কর্পোরেশনের ডিপো, নারায়ণগঞ্জ সাইলো ও সিদ্ধিরগঞ্জ বিদ্যুত্ কেন্দ্রসহ ছোট বড় বহু মিলকারখানার যানবাহন এ সড়ক দিয়ে চলাচল করে থাকে। এদিকে নারায়ণগঞ্জ শহরের অনেক যানবাহনও এ সড়ক দিয়ে ঢাকা শহরে চলাচল করে। ফলে সড়কটি অত্যন্ত ব্যস্ততম সড়কে পরিণত হয়েছে। কিন্তু ইদানিং এ সড়কটির বিভিন্ন স্থানে খানাখন্দের সৃষ্টি হয়েছে। বিশেষ করে শিমরাইল মোড় থেকে আদমজী ইপিজেড পর্যন্ত পুরো রাস্তা খানাখন্দে ভরে গেছে। এ ছাড়াও সাইলোর বটতলা, সিদ্ধিরগঞ্জ বাজার রোড, সিদ্ধিরগঞ্জ বিদ্যুত্ কেন্দ্র সংলগ্ন এলাকায় খানাখন্দ ও বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ঢাকা-আদমজী রুটের কোমল মিনিবাসের চালক রবিউল জানান, নারায়ণগঞ্জ-আদমজী ইপিজেড-শিমরাইল সড়কটিতে খানাখন্দে ভরে যাওয়ায় রাতের বেলা খানাখন্দগুলো মরণফাঁদ হয়ে দাঁড়ায়। এ ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগের নারায়ণগঞ্জ সড়ক উপ-বিভাগ-২ এর উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ জাফরুজ্জামান মিয়া জানায়, জরুরি ভিত্তিতে এ সড়কের খানাখন্দগুলো মেরামত করা হবে।