বিদেশি বন্ধুদের সম্মাননা আজ

স্বাধীনতাযুদ্ধে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অবদান রাখা বিদেশি যুদ্ধ বন্ধুদের সপ্তম পর্বের সম্মাননা অনুষ্ঠান আজ মঙ্গলবার ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এই পর্বে ৫৯ জন বিদেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হচ্ছে। মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম গতকাল সোমবার তথ্য অধিদপ্তরে এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান। তিনি বলেন, রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে তাদের সম্মাননা ক্রেস্ট ও সাইটেশন প্রদান করবেন। আজ দুই জনকে ‘বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মাননা’ এবং ৫৭ জনকে ‘বাংলাদেশ মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা’ দেয়া হবে। সম্মাননা যারা পাচ্ছেন তারা ভারত, যুক্তরাজ্য, পাকিস্তান, মিসর, শ্রীলঙ্কা, যুক্তরাষ্ট্র, জাপান ও তুরস্কের নাগরিক। সাংবাদিক সম্মেলনে জানানো হয়, ভারতের সাবেক রাষ্ট্রপতি ফখরুদ্দিন আলী আহমেদ ও সাবেক প্রধানমন্ত্রী গুলজারিলাল নন্দকে আজ ‘বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মাননা’ প্রদান করা হবে। প্রয়াত ফখরুদ্দিন আলী আহমেদের পক্ষে তার ছেলে ডক্টর পারভেজ আহমেদ ও প্রয়াত গুলজারিলাল নন্দের পক্ষে তার নাতি ডক্টর তেজুস নাইক সম্মাননা গ্রহণ করবেন।