আয়কর রিটার্ন জমার সময় এক মাস বৃদ্ধি

বরাবরের ন্যায় এবারো ব্যক্তিশ্রেণির করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। কোন জরিমানা ছাড়াই চলতি অক্টোবর মাসের ৩১ তারিখ পর্যন্ত রিটার্ন দাখিল করা যাবে। গতকাল এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এনবিআর। সময় বাড়ানোর কারণ হিসেবে এনবিআরের পক্ষ থেকে বলা হয়, আয়কর অনুবিভাগের সাম্প্রতিক পুনর্গঠন ও সম্প্রসারণের কারণে অধিকাংশ করদাতার আয়কর সংক্রান্ত অধিক্ষেত্র পরিবর্তিত হওয়া, অনলাইনে ই-টিআইএন রি-রেজিস্ট্রেশনের মাধ্যমে ১০ সংখ্যার পরিবর্তে ১২ সংখ্যার ই-টিআইএন নাম্বার গ্রহণের ক্ষেত্রে করদাতাদের অসুবিধার কথা চিন্তা করে রিটার্ন জমা দেয়ার সময় এক মাস বাড়ানো হয়েছে। এর আগে সমপ্রতি এক অনুষ্ঠানে ঈদ ও দুর্গাপূজার কারণে আয়কর বিবরণী জমা দেয়ার শেষ সময় ৩০ সেপ্টেম্বর থেকে আরো এক মাস বাড়ানোর পরামর্শ দেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আ হ ম মোস্তফা কামাল।