যৌতুক মামলায় রমনা থানার ওসির (তদন্ত) বিরুদ্ধে ওয়ারেন্ট
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০১৩, ২২:১৪
স্ত্রীর দায়েরকৃত যৌতুকের মামলায় রমনা থানার ওসি (তদন্ত) সাইদুল হক ভুঁইয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।
২০ লাখ টাকা যৌতুক চেয়ে মারধরের অভিযোগে গত ৩১ জুলাই স্ত্রী মরিয়ম আক্তার মৌসুমী আসামির বিরুদ্ধে এ আদালতে মামলা করেন। এদিন আদালত মামলাটিতে বাদীর আনীত অভিযোগের বিষয়ে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন। বিচারবিভাগীয় তদন্তে বাদীর অভিযোগ প্রমাণিত হয়নি মর্মে ম্যাজিস্ট্রেট ট্রাইব্যুনালে প্রতিবেদন দেন।
রবিবার এ প্রতিবেদনের বিরুদ্ধে বাদী আদালতে আপত্তি দাখিল করেন। এ আপত্তি শুনানি শেষে ঢাকার ১ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সাদিকুল ইসলাম তালুকদার আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে নেন। একইসঙ্গে এ পরোয়ানা জারির নির্দেশ দেন।
মামলার অভিযোগে বলা হয়, ২০১১ সালের ২৮ জানুয়ারি আসামি সাইদুল হকের সাথে বাদীনির বিয়ে হয়। আসামি বিয়ের পর প্রাইভেট কার কেনার জন্য বাদীর কাছে ২০ লাখ টাকা যৌতুক দাবী করেন। বাদী ওই টাকা দিতে অস্বীকার করলে আসামি গত ১৭ জুলাই বাদীনিকে মারধর করেন। জারিয়াত আজরিন নাযিরা নামে তাদের দেড় বছরের একটি মেয়ে আছে।