পলিটেকনিক ছাত্র-পুলিশ সংঘর্ষ

সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে গতকাল সোমবার সারাদেশে আহতের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ২০০। এ সময় বিভিন্ন স্থানে সড়ক যোগাযোগ ব্যাহত হয়। ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশে যানবাহন চলাচল বন্ধ ছিল তিন ঘন্টা। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সুপারভাইজার হিসাবে সংজ্ঞায়িত না করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হিসেবে সংজ্ঞায়িত করাসহ তিন দাবিতে গত কয়েকদিন ধরেই দেশব্যাপী আন্দোলন চালিয়ে আসছে পলিটেকনিকের শিক্ষার্থী ও শিক্ষকরা। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ও বিজয়নগর সংবাদদাতা জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল ব্রাহ্মণবাড়িয়ায় পলিটেকনিক ছাত্রদের সঙ্গে পুলিশের সংঘর্ষে সাত পুলিশ সদস্যসহ কমপক্ষে অর্ধশত ছাত্র আহত হয়েছেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১১৪ রাউন্ড রাবার বুলেট ও টিয়ার সেল নিক্ষেপ করে। সকালে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কের ইসলামপুরে ছাত্ররা মিছিল বের করে। এক পর্যায়ে তারা সড়ক অবরোধ ও যানবাহন ভাংচুর শুরু করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ চলাকালে ঢাকা-সিলেট মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। রাস্তার দুই পাশে ১০ কিলোমিটার এলাকা জুড়ে ভয়াবহ যানজট সৃষ্টি হয়। রাজশাহী অফিস জানায়, সোমবার তৃতীয় দিনের মতো রাজশাহী পলিটেকনিক শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষে পুলিশ ও সাংবাদিকসহ অন্তত অর্ধশত আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিত্সা দেয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সোমবার বেলা ১১টায় বিক্ষোভ মিছিল বের করে। ইনস্টিটিউটের প্রধান ফটকে পুলিশ মিছিলের গতিরোধ করলে শিক্ষার্থীরা পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। শুরু হয় পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া। সংঘর্ষের এক পর্যায়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রাজশাহী-নওগাঁ মহাসড়কে অবস্থান নেয়। শিক্ষার্থীদের ব্যাপক ইটপাটকেলের জবাবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে শতাধিক রাউন্ড টিয়ারসেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। ফলে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এসময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা পলিটেকনিক ক্যাম্পাস এবং রেলভবনের সামনে স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা ১০/১৫টি মিশুক, সিএনজি, অটোরিকশা ভাংচুর করে। পরে তারা ক্যাম্পাসে গিয়ে চেয়ার-টেবিল বাইরে এনে আগুন ধরিয়ে দেয়। দমকল বাহিনীর একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। ঘন্টাব্যাপী সংঘর্ষ চলাকালে রাজশাহী-নওগাঁ মহাসড়কের যানচলাচল বন্ধ ছিল। পুলিশ ঘটনাস্থল থেকে ৩০ জনকে আটক করে। বগুড়া প্রতিনিধি জানান, বগুড়াতেও পলিটেকনিক ইন্সটিটিউটের ছাত্ররা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে। এসময় তারা তিনটি যানবাহন ভাংচুর করে। পুলিশ বাধা দিলে আন্দোলনরত ছাত্ররা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। তখন পুলিশ লাঠি চার্জ ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিত নিয়ন্ত্রণে আনে। পুলিশ চারজনককে গ্রেফতার করেছে। এদিকে রবিবার পলিটেকনিক এলাকায় ১৪৪ ধারা জারি করা হলেও সোমবার সকালে তা প্রত্যাহার করে নেয়া হয় বলে জানিয়েছেন বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ সহিদ আলম । খুলনা অফিস জানায়, গতকাল সোমবার খুলনায় পলিটেকনিকের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষে পুলিশ, সাংবাদিকসহ অর্ধশত ছাত্র আহত হয়েছে। সংঘর্ষকালে নগরীর খালিশপুর গাবতলা ও বৈকালী এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় পুলিশ দুই শতাধিক রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ঘটনাস্থল থেকে ১০ ছাত্রকে আটক করেছে। আহতদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিত্সা দেয়া হয়। ছাত্ররা একটি বাস ও একটি প্রাইভেট কার ভাংচুর করে। অন্যদিকে কলেজের শিক্ষকরা দাবি করেছেন, স্থানীয় আওয়ামী লীগের এক নেতার নেতৃত্বে তাদের কলেজেও ভাংচুর করা হয়েছে। বোরহানউদ্দিন (ভোলা) সংবাদদাতা জানান, পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীরা গাছের গুঁড়ি ফেলে ভোলা-চরফ্যাশন মহাসড়ক অবরোধ করে। এ সময় একটি বিআরটিসি বাস, কলেজ ও অধ্যক্ষের বাসভনেও ভাংচুর করা হয়। কুমিল্লা প্রতিনিধি জানান, রবিবার কুমিল্লা পলিটেকনিকে সংঘর্ষের ঘটনায় সদর দক্ষিণ মডেল থানায় পৃথক ৩টি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দায়ের করা এসব মামলায় চার সহস্রাধিক লোককে আসামি করা হয়েছে। কুমিল্লার জেলা প্রশাসক মো. তোফাজ্জল হোসেন মিয়া জানান, ফৌজদারী আইনে মামলা দায়ের হওয়ায় এ ঘটনায় আর কোন তদন্ত কমিটি গঠনের প্রয়োজন নেই। জেলার পুলিশ সুপার টুটুল চক্রবর্তী জানান, ভিডিও ফুটেজ সংগ্রহ করে এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। পরশুরাম সংবাদদাতা জানান, ফেনীতে সোমবার সকালে কারিগরি শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও র্যাবের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। এসময় শিক্ষার্থীরা শতাধিক যানবাহন ও দোকানপাট ভাংচুর করে। পাঁচটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এসময় ফেনী-পরশুরাম ও ফেনী-ছাগলনাইয়া আঞ্চলিক মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। এছাড়া সিলেট, মেহেরপুর, নওগাঁ থেকে আমাদের প্রতিনিধি ও সংবাদদাতারা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের এ কর্মসূচি পালনের খবর দিয়েছেন।