শিক্ষকদের দাবি পূরণ প্রক্রিয়াধীন :প্রেসনোট
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০১৩, ২২:৪৭
বিভিন্ন দাবি নিয়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতির প্রেক্ষাপটে গতকাল সোমবার প্রেসনোট দিয়েছে সরকার। সরকার শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় বিদ্যালয়ের কার্যক্রম অব্যাহত রাখার জন্য শিক্ষকদের প্রতি অনুরোধ জানিয়েছে।
প্রেসনোটে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করা এবং সহকারী প্রধান শিক্ষকের পদ উচ্চতর পর্যায়ে নির্ধারণ মন্ত্রণালয়ের সক্রিয় প্রক্রিয়াধীন রয়েছে এবং এ বিষয়ে মন্ত্রণালয়ের কার্যক্রম চলমান রয়েছে। প্রাথমিক শিক্ষকদের দাবির বিষয়ে সরকার সর্বদা সজাগ রয়েছে।
অল্প কিছুসংখ্যক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কোন কোন মহলের প্ররোচনায় অহেতুক কর্মবিরতি পালনসহ অন্যান্য কর্মসূচি গ্রহণ করেছেন। শিক্ষকদের বেতনক্রম উন্নীত করণের সরকারি আন্তরিক প্রয়াস সত্ত্বেও এ ধরনের কর্মসূচি অনভিপ্রেত বলে প্রেস নোটে উল্লেখ করা হয়।