সামরিক-বেসামরিক বাহিনীকে খালেদার উস্কানি রাষ্ট্রদ্রোহিতা

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া খুলনার জনসভায় আন্দোলনের নামে সামরিক-বেসামরিক প্রশাসনকে উস্কানি দিচ্ছেন। যা রাষ্ট্রদ্রোহিতার সামিল। জনগণের উপর আস্থা হারিয়ে আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টি এবং নির্বাচিত সংসদ থাকতে সেখানে না গিয়ে প্রকাশ্যে জনসভায় সামরিক-বেসামরিক বাহিনীকে উস্কানি দেয়ার ঘটনা এদেশের শান্তিপ্রিয় জনগণ কখনো মেনে নেবে না। তিনি আরো বলেন, যথাসময়ে সংবিধান মেনে আগামী জাতীয় সংসদ নির্বাচন শেখ হাসিনার নেতৃত্বে অনুষ্ঠিত হবে। গতকাল সোমবার সন্ধ্যায় রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত দলের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ বজলার রহমানের সভাপতিত্বে উক্ত কর্মী সভায় দলীয় কর্মীদের উদ্দেশ্যে মোহাম্মদ নাসিম বলেন, আগামী নির্বাচনে জয় পেতে হলে আপনাদের আরো সক্রিয় হতে হবে। নিজেদের মধ্যে কাঁদাছুঁড়াছুঁড়ি বাদ দিয়ে একযোগে সরকারের ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র সাধারণ মানুষের সামনে তুলে ধরতে হবে। সভায় রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাসিকের সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, সহ-সভাপতি আলহাজ্ব রফিক উদ্দিন আহম্মেদ, মীর ইকবাল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপিকা জিনাতুন নেসা তালুকদার, এক নম্বর যুগ্ম-সম্পাদক আসাদুজ্জামান আসাদ প্রমুখ বক্তব্য রাখেন। এসময় মহানগর আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।