মনমোহনকে ‘পল্লী বধূ’ বলে আমি বিদ্রূপ করিনি :নওয়াজ
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০১৩, ২২:৪৮
পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংকে বিদ্রুপ করে ‘পল্লী বধুর’ সঙ্গে তুলনা করেননি বলে তার অবস্থান স্পষ্ট করেছেন নওয়াজ। ভারতে নওয়াজের কথিত মন্তব্যকে কেন্দ্র করে তুমুল সমালোচনার ঝড় শুরু হয়েছে। রবিবার গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লিতে এক জনসভায় মনমোহন সিংয়ের কঠোর সমালোচনা করেন নওয়াজের বিদ্রুপ ‘হজম’ করার জন্য। কিন্তু নওয়াজের পক্ষ থেকে বলা হয়েছে তিনি এমন কোনো কথা বলেননি।
তাহলে কথাটি কিভাবে উঠল। আসলে পাকিস্তানের জিও টিভির সাংবাদিক হামিদ মির নাকি একটি টিভি সাক্ষাত্কারে দাবি করেছিলেন যে নিউইয়র্কে নওয়াজ শরিফ একটি অনানুষ্ঠানিক ডিনার অনুষ্ঠানে ওই মন্তব্য করেছিলেন। কিন্তু পরে হামিদ মির টুইটারে দাবি করেন যে তার কথা বিকৃত করা হয়েছে। তিনি নওয়াজের নামে তেমন কিছু বলেননি।
এ প্রসঙ্গে মিরান শেখ নামে আরেকজন সাংবাদিক বলেছেন, তিনি নিজে ওই ডিনারে উপস্থিত ছিলেন। সেখানে নওয়াজ একটি রূপক গল্প বলেন, যে গল্পে এক গ্রামের একজন পুরুষ এবং একজন নারী হলো প্রধান চরিত্র। তারা ঝগড়া মেটানোর জন্য তৃতীয় পক্ষের দ্বারস্থ হন। নওয়াজ শরিফ কথা প্রসঙ্গে বলেন, ‘‘নওয়াজ এবং মনমোহনের মধ্যকার ইস্যূতে যুক্তরাষ্ট্রকে টানার দরকার নেই’’। এই রূপক গল্প থেকে কেউ কেউ আগ বাড়িয়ে মনমোহনকেই সেই গ্রামের নারী চরিত্র হিসেবে ভেবে বসেন এবং সেই ভাবনা প্রচার করতে শুরু করেন। ওই সাংবাদিক বলেন, বিষয়টি নিয়ে এত বাড়াবাড়ি করা অযৌক্তিক।