ভুরুঙ্গামারীতে জমি সংক্রান্ত বিরোধে ভাইয়ের হাতে ১ম শ্রেণির স্কুল ছাত্র খুন
ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতা
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০১৩, ২২:৫৭
জেলার ভুরুঙ্গামারীতে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের ভাইরা ১ম শ্রেণীর এক ছাত্রকে হত্যা করেছে। উপজেলার বলদিয়া ইউনিয়নের দক্ষিণ বলদিয়া গ্রামে এক ধান ক্ষেত থেকে গতকাল সোমবার তার লাশ উদ্ধার করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, খুন হওয়া মোকলেছুর রহমান নামে ১ম শ্রেণীর ছাত্র গত রবিবার স্কুল থেকে ফেরার পথে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। অনেক খোঁজার পর তাকে না পেয়ে গতকাল সকালে তার বাবা ছায়েদ আলী কচাকাটা থানায় অভিযোগ করলে পুলিশ সন্দেহভাজন হিসাবে নিহতের খালাতো ভাই আশরাফুল (২২) ও রায়মুলকে (২৫) আটক করে জিজ্ঞাসা করলে তারা হত্যার কথা স্বীকার করে। তাদের স্বীকারোক্তি অনুযায়ী গতকাল বিকালে গ্রামের একটি ধান ক্ষেত থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়। পরে নিহতের খালু মোতাবেক জাহান আলীকে (৪২) গ্রেফতার করে পুলিশ। কচাকাটা থানার ওসি জানান, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটেছে।