হেফাজতের নায়েবে আমীর ওয়াক্কাসের রিমান্ড আবেদন নাকচ
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০১৩, ২২:৫৮
৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতের সহিংসতার ঘটনায় পল্টন থানায় দায়ের করা মামলায় সাবেক ধর্ম প্রতিমন্ত্রী ও হেফাজতে ইসলামের নায়েবে আমির মুফতি মোহাম্মদ ওয়াক্কাসের রিমান্ড আবেদন নাকচ করে আগামী ২ দিনের মধ্যে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। গতকাল সোমবার এ রিমাণ্ড আবেদনের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নুর এ আদেশ দেন। এ সময় তার জামিনের আবেদন করা হলে তাও নাকচ হয়ে যায়।
পাঁচ মামলায় ১৫ দিনের রিমাণ্ড শেষে ২৩ সেপ্টেম্বর ওয়াক্কাসকে এ আবেদন শুনানির জন্য হাজির করা হয়। এদিন শারীরিকভাবে তিনি অসুস্থ থাকায় তার আইনজীবীদের আবেদনের প্রেক্ষিতে পরবর্তী দিন ধার্য করা হয়।
গত ২ সেপ্টেম্বর মালিবাগ চৌধুরীপাড়া থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেফতার করে। সেই থেকে বিভিন্ন মামলায় তিনি রিমাণ্ডে আছেন। মুফতি ওয়াক্কাসের বিরুদ্ধে পল্টন ও মতিঝিল থানায় মোট ১০টি মামলা রয়েছে। এর মধ্যে মতিঝিল থানায় পাঁচটি ও পল্টন থানায় পাঁচটি মামলা রয়েছে।