স ং গ ঠ ন : কু মি ল্লা বি শ্ব বি দ্যা ল য়
বিশ্ব জয় করার ইচ্ছে ওদের
প্রকাশ : ০১ অক্টোবর ২০১৩, ১৮:৩০
তরুণরা পারে তারুণ্যের উচ্ছ্বাসে জোয়ারে ভেসে থাকতে। তারা পারে ভাটার তীব্র স্রোতকে পাড়ি দিয়ে উজানের দিকে যেতে। আর নতুনত্ব তো তারুণ্যের শক্তি-এ কথা বলে গেছেন অনেকেই এমনকি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামও। অন্ধকারে পথ চলতে সাহস করতে পারে এক মাত্র তরুণরা।
নলেজ পাওয়ার এ্যন্ড বার্থডে ডটকম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক দল প্রাণোচ্ছল তরুণদের একটি শিক্ষা ও সংস্কৃতিমূলক সংগঠন। ২০০৬ সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যায়ে এক মাত্র শিক্ষা ও সংস্কৃতিমূলক সংগঠন হলো নলেজ পাওয়ার এ্যন্ড বার্থডে ডটকম। চলতি বছর জানুয়ারি মাসের এক তারিখে এই সংগঠনটি মাত্র সাত জন সদস্যকে নিয়ে এই সংগঠন তার পথ চলা শুরু করে। চলতে চলতে এই সংগঠনের সদস্য এখন ১০৯ জন। ‘নিজেকে তৈরী কর, বিশ্বকে জয় কর’ এই শ্লোগানের পাল তুলে এ সংগঠন এগিয়ে যাচ্ছে কয়েকটি মহান উদ্দেশ্যকে সাথে নিয়ে। মাসিক কুইজ ও বিতর্কসহ শিক্ষা ও সংস্কৃতিমূলক কার্যক্রম সম্পাদন করে এই সংগঠন। এর সদস্যরা অসহায়দের সহায়তা করে, এরা মাদক, যৌতুক ও বাল্যবিবাহের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। এরা উদযাপন করে বৃক্ষরোপণ সপ্তাহের। আর সংগঠনের পক্ষ থেকে সদস্যদের জন্মদিন পালন করা হয় ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যপূর্ণ সম্পকের মধ্যদিয়ে।
সংগঠনের সদস্য ও হিসাব বিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী জাহিদুল হাসান বলেন, ‘শিক্ষামূলক কার্যক্রমের সঙ্গে আমাদের এই সংগঠন এগিয়ে যাচ্ছে, সদস্যরা শিখছে অনেক কিছু।’ বিশ্ববিদ্যালয়ের মিড পয়েন্টে কৃষ্ণচূড়া গাছের তলায় দেখা যায় এ সংগঠনের সদস্যদের কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে। কেউ আসন করে অবার কেউ বা হাঁটু গেড়ে বসে পরীক্ষা দিচ্ছে অধীর আগ্রহে ঠিক যেমনটি গ্রামের পাঠশালয় থেকে প্রথম পাঠ শুরু হয়েছিল। এ সংগঠন বিজয়ীদের করে পুরস্কৃত আর অন্যদের আগামীর জন্য তৈরি করে। সংগঠনের কোষাধ্যক্ষ ও নৃবিজ্ঞান বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী ফজলে শাহরিয়ার সিয়াম জানান, সংগঠনের আর্থিক সমস্যার কথা। এ সংগঠন তার সদস্যদের কাছ থেকে সামান্য অর্থ নিয়ে বিভিন্ন সেবামূলক কার্যক্রম চালায়।
সংগঠনের রেজিস্ট্রার ও নৃবিজ্ঞান বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী শফি বলেন, ‘আমাদের এই সংগঠন শিক্ষার্থীকে বিভিন্ন সময় ও বাস্তবতার জন্য উপযুক্ত করে তৈরি করছে।’ এখানে সকল সদস্য কাজ করে যাচ্ছে অকাতরে। এ সংগঠন সবার অন্তরে মিশে আছে বলে জানান এর একাধিক সদস্য। এদের কার্যক্রম ক্যাম্পাসের সকল শিক্ষার্থীর মনে ভাল কিছু করার প্রেরণা যোগায়। সংগঠনের সভাপতি ও ব্যাবস্থাপনা বিভাগের এমবিএ’র শিক্ষার্থী তুহিন ইব্রাহীম বলেন, ‘একজন শিক্ষার্থী তার পড়াশুনা শেষ করে যেন একটা ভাল অবস্থানে যেতে পারে, শিক্ষা জীবনেই যেন সে নিজেকে উপযুক্ত করে তুলতে পারে। এই ধারণা থেকেই আমাদের সংগঠনের সৃষ্টি।’ এখানের সকল সদস্য মনের মাঝে যেন এই ভাবনা ধারণ করেন যে, তাদের সংগঠনের সদস্যরা যেমন নিজেকে গড়তে পারবে তেমনি সমাজ ও দেশের তরে ক্ষুদ্র ক্ষুদ্র কাজ করে দেশ গড়ায় অবদান রাখবে।