গল্প নয় সত্যি
অদ্ভুত ইস্তফা!
প্রকাশ : ০১ অক্টোবর ২০১৩, ১৯:৪৭
গোটা দুনিয়ায় হর-হামেশা কত মানুষই তো চাকরি ছাড়ছেন। এদের কেউ হয়তো নেহাত বসের ওপর নাখোশ হয়েই চাকরি ছাড়ছেন। আবার কাজের চাপ সামলাতে না পারা কিংবা ভালো কোনো সুযোগের আশায় চাকরি ছাড়াদের তালিকাও নেহাত ছোট নয়। কিন্তু অজস্র মানুষের এই চাকরি ছাড়া আর করার ভিড়ে চাকরি ছাড়ার ধরন নিয়ে আলোচনা হয় কদাচই। বিশেষ করে অধিকাংশ ক্ষেত্রে রেজিগনেশন লেটার বা চাকরি ছাড়ার ঘোষণা সম্বলিত ইস্তফা পত্রগুলো আটকে থাকে অফিসের চারদেয়ালের মাঝেই। তবে নিয়মের যেমন ব্যতিক্রম আছে তেমনি ব্যতিক্রমের প্রতি মানুষের কৌতূহলও যেমন স্বভাবজাত। আর মানুষের এই কৌতূহলকে পুঁজি করে স্রেফ চাকরি ছাড়া নিয়ে তৈরি করা এক ভিডিও দিয়েই এখন গোটা অনলাইন দুনিয়ায় পরিচিতি পেয়ে গেছেন মারিনা শিফরিন নামের এক তরুণী। তিনি কোন অফিসে চাকরি করতেন ভিডিওতে সেটি স্পষ্টভাবে না বললেও এটি যে খবরের ভিডিও তৈরি করে এমন একটি প্রতিষ্ঠান তা মারিনার ভিডিও থেকেই বোঝা যায়। আলোচিত এই ভিডিওতে মারিয়া বিখ্যাত র্যাপার কেনি ওয়েস্টের গন ইন প্রটেস্ট গানটির সাথে নেচে নেচে তার বিদায় বার্তা জানিয়ে দেন। মজার আর খানিকটা অদ্ভুতুরে এই ভিডিও ধারণের কাজটি মারিয়া করেন ভোর ৪টা ৩০ মিনিটে সবার অজান্তে অফিসে প্রবেশ করার মাধ্যমে যেখানে তাকে নাচের তালে তালেই ভিডিও’র সাবটাইটেলের সাহায্যে চাকরি ছাড়ার বার্তাটি দিতে দেখা যায়। মারিয়া তার ভিডিওতে জানান, তার ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে সংবাদ বিষয়ক ভিডিওগুলোর মানের চাইতে কতগুলো ভিডিও সারা দিনে তৈরি হলো এবং কত জন মানুষ এগুলো দেখলো সেটাই বড় বিষয় ছিল। আর তাই চাকরি ছাড়ার পাশাপাশি কোন ধরনের ভিডিও মানুষ দেখে সেটিও দেখিয়ে দিতে চেয়েছিলেন মারিয়া। বলা বাহুল্য, চাকরি ছাড়ার পাশাপাশি নিজের এই লক্ষ্যেও দারুণভাবে সফল হয়েছেন মারিয়া যেখানে এই রিপোর্ট পত্রিকায় প্রকাশের আগেই ভিডিওটি দেখেছেন ৪০ লক্ষেরও বেশি অনলাইন দর্শক। কাজেই ভবিষ্যতে মারিয়া শিফরিন নামের এই তরুণীকে নতুন কোনো চাকরিতে নিয়োগ দেওয়ার আগে তার বিদায়ের ধরন কেমন হবে সেটি নিয়েও বোধকরি চিন্তায় পড়ে যাবেন নিয়োগকর্তারা।