টোকিওর বিরোধপূর্ণ
জলসীমায় চীনের
চারটি জাহাজ
প্রকাশ : ০১ অক্টোবর ২০১৩, ২০:০৮
চীনের জাতীয় দিবস পালনকালে মঙ্গলবার বেইজিংয়ের কয়েকটি জাহাজ টোকিও নিয়ন্ত্রিত বিরোধপূর্ণ জলসীমায় প্রবেশ করে। এদিকে জাপান ও যুক্তরাষ্ট্র তাদের প্রতিরক্ষা চুক্তি বিষয়ে আলোচনার জন্য প্রস্তুত রয়েছে।— খবর এএফপি’র।
জাপান কোস্টগার্ড জানায়, চীনা কোস্টগার্ডের চারটি জাহাজ স্থানীয় সময় সকাল ৯টায় সেনকাকু দ্বীপপুঞ্জের জলসীমায় ঢুকে পড়ে। চীনের কাছে দ্বীপপুঞ্জটি দিয়াউ নামে পরিচিত এবং তারা দীর্ঘদিন ধরে এটিকে তাদের ভূ-খণ্ড বলে দাবি করে আসছে।
ওই জাহাজ প্রবেশের ঘটনা এমন এক সময় ঘটলো যখন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী চাক হেগেল ও পররাষ্ট্রমন্ত্রী জন কেরি জাপানের প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৃহস্পতিবার আলোচনার জন্য টোকিও যেতে প্রস্তুত। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে চান টোকিও বিশ্ব পরিমণ্ডলে আরো জোরালো ভূমিকা পালন করুক। এরই প্রেক্ষিতে ওয়াশিংটনের সাথে চুক্তি তাদের সামরিক বাহিনীকে আরো শক্তিশালী করবে। উল্লেখ্য, প্রায় এক বছর আগে টোকিও বিরোধপূর্ণ দ্বীপপুঞ্জের আংশিক জাতীয়করণ করায় এ দ্বীপপুঞ্জের মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে চলা বিরোধের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ হয়।