তালেবান হামলা প্রতিহত করতে ব্যর্থতা

দুই মার্কিন সামরিক কর্মকর্তার বাধ্যতামূলক অবসর

তালেবান হামলা থেকে আফগানিস্তানের ক্যাম্প বেস্টনকে রক্ষা করতে ব্যর্থ হওয়ায় দুই মার্কিন সামরিক কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দেয়া হয়েছে। মার্কিন জেনারেল জেমস এমস বলেন, মেজর জেনারেল চার্লস গুরগানুস এবং মেজর জেনারেল গ্রেগ স্টারডেভান্ট ২০১২ সালে ক্যাম্পে তালেবান হামলা প্রতিহত করতে ব্যর্থ হয়েছিলেন। হামলায় দুই মেরিন সেনা নিহত এবং ৮ জন আহত হয়েছিল। তালেবান জঙ্গিরা সেসময় ৬টি হ্যারিয়ার ফাইটার ধ্বংস করে। ঘটনার তদন্ত রিপোর্ট পাওয়ার পর জেনারেল জেমস এমস তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত নেন। তিনি বলেন, ক্যাম্পের নিরাপত্তার চূড়ান্ত দায়িত্ব ছিল মেজর জেনারেল গুরগানুসের ওপর। তিনি হেলমান্দের বেস্টন ক্যাম্পে তালেবান হামলার ঝুঁকি অনুধাবন করতে ব্যর্থ হয়েছিলেন। মেজর জেনারেল স্টারডেভান্টও সেনাদের নিরাপত্তার বিষয়টি মূল্যায়ন করতে পারেননি। গত সোমবার জেনারেল জেমস তাদের অবসর নিতে বলেন।