সারফেস ট্যাবলেটের জন্য নতুন ৮ অ্যাকসেসরিজ
প্রকাশ : ০১ অক্টোবর ২০১৩, ২০:৫৪
আইপ্যাড দিয়ে ট্যাবলেট পিসির যাত্রা শুরু হলেও এখন অ্যাপল’র আর একক আধিপত্য নেই এই বাজারে। স্যামসাং, অ্যামাজনসহ বড় বড় অনেক প্রযুক্তি প্রতিষ্ঠানই এখন নিজ নিজ ট্যাবলেট পিসি দিয়ে বাজার ধরার প্রচেষ্টায় ব্যস্ত। মাইক্রোসফটও তাদের দীর্ঘদিনের পরিকল্পনা অনুযায়ী সারফেস নামের ট্যাবলেট পিসি দিয়ে গত বছরে প্রবেশ করে এই প্রতিদ্বন্দ্বিতায়। তবে তাতে খুব বেশি সাফল্য লাভ করেনি তারা। তবে হাল না ছেড়ে এবারে দ্বিতীয় সংস্করণের সারফেস বাজারে আসার ঘোষণা দিয়েছে তারা। আরও শক্তিশালী প্রসেসর, বেশি মেমোরি আর নতুন সব ফিচার দিয়েই বাজার ধরতে চাচ্ছে এই টেক জায়ান্ট। পাশাপাশি এর জন্য নতুন অনেকগুলো অ্যাকসেসরিজও বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে তারা। গত ২২ সেপ্টেম্বর সারফেস ২-এর ঘোষণার পরপরই নতুন এসব অ্যাকসেসরিজের সাথে তারা পরিচয় করিয়ে দিয়েছে বিশ্ববাসীকে। মাইক্রোসফট আশা করছে, নতুন এসব অ্যাকসেসরিজ সারফেসের সাথে যথেষ্ট পরিমাণে ‘ভ্যালু অ্যাড’ করতে সক্ষম হবে। এই লেখায় সেই অ্যাকসেসরিজগুলোর কথাই তুলে ধরা হলো।
পাওয়ার কভার
সারফেসের জন্য মাইক্রোসফট যে নতুন পাওয়ার কভারটি তৈরি করেছে সাধারণ কভারের তুলনায় তা একটু বেশিই পুরু। তবে এর বিনিময়ে এই কভারে যুক্ত হয়েছে বাড়তি ব্যাটারি। ফলে এর ব্যবহার সারফেসের ব্যাটারি ব্যাকআপকে অনেকটাই বাড়িয়ে দেবে। যারা ব্যাটারি ব্যাকআপ নিয়ে চিন্তিত, তাদের জন্য ২০০ ডলারের এই অ্যাকসেসরিজটি যথেষ্ট কাজে দেবে।
সারফেস প্রো ডকিং স্টেশন
নানা ধরনের সুবিধা নিয়ে সারফেসের জন্য তৈরি করা হয়েছে সারফেস প্রো ডকিং স্টেশন। ট্যাবলেট পিসির নিজস্ব পরিসরে সব ধরনের পোর্টের সংযোগ স্থাপন সম্ভব নয় বলেই বাড়তি এই ডকিং স্টেশনে বাড়তি পোর্টগুলো সংযুক্ত করেছে মাইক্রোসফট। তিনটি ইউএসবি ২.০, একটি ইউএসবি ৩.০, মিনি ডিসপ্লে পোর্ট, ইথারনেট পোর্ট, ৩.৫ মিলিমিটার অডিও পোর্ট সবই রয়েছে এতে। আর এর সাথে সারফেস যুক্ত করলে চার্জও হবে। ফলে ডকিং স্টেশনটি বলতে গেলে সারফেসের কর্মক্ষমতা বাড়িয়ে দেবে অনেকটা।
রিমিক্স কভার
সারফেস ব্যবহার করে যারা অডিও নিয়ে কাজ করতে চান, তাদের জন্যই রয়েছে রিমিক্স কভার। সারফেসের সাথে ব্যাকলিট এই কভারটি যুক্ত করলেই একটি রিমিক্স প্রজেক্ট অ্যাপ্লিকেশন চালু হবে। এর মাধ্যমে ড্রাম, বেজ, কিবোর্ড, ভোকাল এবং অডিও ট্র্যাক তৈরির জন্য প্রয়োজনীয় অন্যান্য ফিচার ব্যবহার করে তৈরি করা যাবে অডিও ফাইল। লুপ, মিউট, স্লাইডার প্রভৃতিও রয়েছে এই অ্যাপ্লিকেশনেই।
টাইপ কভার ২
সারফেসের জন্য নতুন করে মাইক্রোসফট ডিজাইন করেছে টাইপ কভার ২। মূল টাচ কভারের পুরুত্বেই এটি ডিজাইন করা হয়েছে। তবে এর কার্যক্ষমতা বেড়েছে আগের চাইতে। বিভিন্ন রঙে পাওয়া যাবে নতুন এই টাইপ কভার।
টাচ কভার ২
নতুন টাচ কভারটি আগের টাচ কভারের চাইতে কম পুরুত্বের। আর রেসপন্সও আগেরটির চাইতে ভালো। এতে ব্যবহার করা হয়েছে ১,০৯২টি সেন্সর। আর এতে ব্যাকলিট কিবোর্ডও রয়েছে।
ওয়্যারলেস অ্যাডাপ্টার
নতুন টাচ আর টাইপ কভার এনেই ক্ষান্ত হয়নি মাইক্রোসফট। এর সাথে এনেছে একটি ওয়্যারলেস অ্যাডাপ্টার। ফলে কভারগুলো আর সরাসরি সারফেসে যুক্ত না করলেও চলবে। ব্লুটুথের মাধ্যমে যুক্ত করে যেকোনো স্থানে রেখেই কভারগুলো ব্যবহার করতে পারবেন। সারফেসকে বাইরের ডিভাইসে যুক্ত করতে চাইলে একই সময়ে টাইপ করতে চাইলে এটি অনেক কাজে দেবে।
কার চার্জার
গাড়ির মধ্যে ব্যবহারের সময় সারফেস চার্জ করতে আলাদা একটি কার চার্জার এনেছে মাইক্রোসফট। এতে বাড়তি ইউএসবি পোর্টও রয়েছে, যার মাধ্যমে অন্যান্য ডিভাইসও একইসাথে চার্জ করা যাবে।
আর্ক টাচ মাউস
সারফেসের জন্যই বিশেষ আকারে মাইক্রোসফট ডিজাইন করেছে তাদের আর্ক টাচ মাউসটি। ওয়্যারলেস মাউসটি ব্লুটুথের মাধ্যমে ব্যবহার করা যাবে সারফেসের সাথে। মাউসটি অনেক বেশি আরামদায়ক ব্যবহারের অভিজ্ঞতা প্রদান করবে বলে জানিয়েছে মাইক্রোসফট।