প্রযুক্তি ব্যক্তিত্ব
প্রকাশ : ০১ অক্টোবর ২০১৩, ২০:৫৪
থিও ডি রাট
ইউনিক্স অপারেটিং সিস্টেম ব্যবহার করেই ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলেতে তৈরি করা হয় ওপেন বার্কলে সফটওয়্যার ডিস্ট্রিবিউশন বা ওপেনবিএসডি অপারেটিং সিস্টেমটি। এর উপর ভিত্তি করেই আবার তৈরি করা হয় ওপেনএসএসএইচ বা ওপেনবিএসডি সিকিউর শেল। প্রযুক্তি বিশ্বে সুপরিচিত এই দুইটি প্রকল্পের প্রতিষ্ঠাতা এবং নেতৃত্বপ্রদানকারী ব্যক্তির নাম থিও ডি রাট। নেটবিএসডি প্রকল্পেরও তিনি অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য। থিও জন্মগ্রহণ করেন ১৯৬৮ সালের ১৯ মে। দক্ষিণ আফ্রিকায় তার জন্ম হলেও ছোটবেলাতেই তার পুরো পরিবার কানাডায় চলে আসে। ইউনিভার্সিটি অব ক্যালগরিতে তিনি কম্পিউটার বিজ্ঞানে স্নাতক ডিগ্রি গ্রহণ করেন। ১৯৯৩ সালে ক্রিস ডিমেট্রিও, অ্যাডাম গ্লাস এবং চার্লস হ্যানামের সাথে থিও শুরু করেন নেটবিএসডি প্রজেক্ট। ১৯৯৪ সালের ডিসেম্বরে তাকে এই প্রকল্প থেকে বাদ দেওয়া হয়। পরে তিনি ১৯৯৫ সালের অক্টোবরে শুরু করেন ওপেনবিএসডি প্রজেক্ট। এটি নিয়ে কাজ করতে করতে ওপেনএসএসএইচ প্রজেক্ট নিয়েও কাজ করেন থিও। শুরু থেকেই থিও ছিলেন মুক্ত সফটওয়্যারের পক্ষে। সরকারি, বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে তিমি মুক্ত সফটওয়্যারের আহ্বান জানিয়েছে বক্তব্যও রাখেন। ওপেন সোর্স সফটওয়্যার ব্যবহারের আন্দোলন ছড়িয়ে দিতে তিনি বিশ্বের বিভিন্ন দেশেই প্রচার চালান। ওপেন সোর্স সফটওয়্যার জনপ্রিয় হয়ে ওঠার পেছনে তাই তার অবদান অনস্বীকার্য।
গ্যাজেটস
নিটকানেক্ট ওয়্যারলেস স্ক্যানার
স্ক্যানার যন্ত্রটির প্রয়োজনীয়তার কথা নতুন করে বলার কিছু নেই। এর জনপ্রিয়তারও কমতি নেই। তবে সময়ের সাথে সাথে স্ক্যানারেও যুক্ত হচ্ছে নতুন নতুন সব ফিচার। তবে বাই যখন অনলাইন বা ক্লাউড স্টোরেজের দিকেই ধাবিত হচ্ছে, তখন স্ক্যানারের সাথেও ক্লাউডের সংযুক্তির প্রয়োজন হয়ে পড়েছে। এই কাজটিই করেছে প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান ‘নিট’। তারা তৈরি করেছে একটি ওয়্যারলেস স্ক্যানার যার নাম দেওয়া হয়েছে ‘নিটকানেক্ট’। এর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে, এর মাধ্যমে যেকোনো ডক্যুমেন্ট স্ক্যান করে সাথে সাথেই সংরক্ষণের জন্য পাঠিয়ে দেওয়া যাবে ক্লাউড স্টোরেজে। এর মাধ্যমেই সরাসরি ইমেইলও করা যাবে স্ক্যান করা ডক্যুমেন্ট। ওয়াই-ফাই এই স্ক্যানারটি তাই কোনো পিসি বা ল্যাপটপের সাথে সংযুক্ত না করেই ব্যবহার করা যাবে সহজেই। এর জন্য এতে রয়েছে নিটক্লাউড নামের ডিজিটাল ফাইলিং সলিউশন। এটি বক্স, ড্রপবক্স, গুগল ড্রাইভ, স্কাইড্রাইভ, এভারনোটের মতো সব ক্লাউড স্টোরেজে সরাসরি এখান থেকেই ডক্যুমেন্ট পাঠানো যায়। আবার এতে এসডি কার্ড ব্যবহার করেও ডক্যুমেন্ট সংরক্ষণ করা যায়। টাচস্ক্রিন ইন্টারফেসের স্ক্যানারটি ওসিআর সমর্থন করে। আবার এখান থেকেই কুইকবুকে এক্সপোর্ট করা যায় ফাইল। রয়েছে আইওএস এবং অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনও। ফলে মোবাইল ডিভাইস থেকেও নিয়ন্ত্রণ করা যায় নিটকানেক্ট।