উন্নয়নের ধারাবাহিকতা রাখতে জনগণ আওয়ামী লীগকেই ভোট দেবে :সাজেদা

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী বলেছেন, বন্ধুকের নল নয়, জনগণই সকল ক্ষমতার উত্স। আওয়ামী লীগ জনগণের রায় নিয়ে আবারো ক্ষমতায় আসবে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনগণ আওয়ামী লীগকেই ভোট দেবে। মঙ্গলবার বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সাজেদা চৌধুরী বলেন, বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ করে আমাদের স্বাধীনতা উপহার দিয়েছেন। আর তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর একটি মুক্তিযুদ্ধ করে রাজাকারদের বিসর্জন দেবেন। সংগঠনের সভাপতি আসাদুজ্জমান দুর্জয়ের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন সংসদ সদস্য আব্দুল মালেক, যুবলীগের সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান বাবু, আওয়ামী মুক্তিযোদ্ধা লীগের সভাপতি মজিবুর রহমান প্রমুখ।