ঈদ উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি আজ শুরু
প্রকাশ : ০১ অক্টোবর ২০১৩, ২১:২৯
ঈদ উল আজহা উপলক্ষে বাংলাদেশ রেলওয়ের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে আজ বুধবার থেকে। আগামী ৬ অক্টোবর পর্যন্ত প্রতিদিন ঢাকা ও চট্টগ্রাম রেলস্টেশন থেকে অগ্রিম টিকিট দেয়া হবে। এদিকে ঈদ উপলক্ষে ঢাকা ও চট্টগ্রাম থেকে বিভিন্ন রুটে মোট ৯ জোড়া বিশেষ ট্রেন চালানোর প্রস্তুতি নেয়া হচ্ছে। এছাড়া যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে ঈদ উপলক্ষে ট্রেনগুলোতে ১২২টি অতিরিক্ত বগি সংযোজন করা হবে। তবে ঢাকা-কোলকাতা রুটে চলাচলকারী ট্রেন মৈত্রী এক্সপ্রেস ঈদ উপলক্ষে আগামী ১৫ ও ১৬ অক্টোবর বন্ধ থাকবে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, আসন্ন ঈদ উপলক্ষে বাংলাদেশ রেলওয়ের সবগুলো আন্ত:নগর ট্রেনের অগ্রিম টিকিট আজ থেকে আগামী ৬ অক্টোবর পর্যন্ত পর্যায়ক্রমে বিক্রি করা হবে। এসব অগ্রিম টিকিট ভ্রমণ করা যাবে ১১ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত। এরমধ্যে আজ বুধবার সংগৃহীত টিকিটে ভ্রমণ করা যাবে ১১ অক্টোবর। আগামীকাল বৃহস্পতিবার সংগৃহীত টিকিটে ভ্রমণ করা যাবে ১২ অক্টোবর। এছাড়া ১৩ অক্টোবর ভ্রমণের টিকেট পাওয়া যাবে ৪ অক্টোবর, ১৪ অক্টোবর ভ্রমণের টিকেট ৫ অক্টোবর এবং ১৫ অক্টোবর ভ্রমণের টিকেট মিলবে ৬ অক্টোবর।
অন্যদিকে ঈদের পর কর্মস্থলমুখী ফেরত যাত্রীদের ভ্রমণের সুবিধার্থে রেলওয়ের পশ্চিমাঞ্চলের রাজশাহী, খুলনা, রংপুর, দিনাজপুর ও লালমনিরহাট স্টেশন থেকে বিশেষ ব্যবস্থায় আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকেট আগামী ৯ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত বিশেষ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তত্ত্বাবধানে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিক্রি করা হবে। রেলওয়ে সূত্র জানায়, ১৮ অক্টোবর যাত্রার টিকেট ৯ অক্টোবর, ১৯ অক্টোবর যাত্রার টিকেট ১০ অক্টোবর, ২০ অক্টোবর যাত্রার টিকেট ১১ অক্টোবর, ২১ অক্টোবর যাত্রার টিকেট ১২ অক্টোবর এবং ২২ অক্টোবর যাত্রার টিকেট ১৩ অক্টোবর বিক্রি করা হবে। একজন যাত্রীকে সর্বোচ্চ ৪টি আসনের টিকেট দেয়া হবে। বিক্রিত অগ্রিম টিকেট ফেরত নেয়া হবে না। এ সময় অগ্রিম টিকেটের পাশাপাশি চলতি টিকেট বিক্রির ব্যবস্থা থাকবে।
রেলওয়ের মহাপরিচালক প্রকৌশলী মো: আবু তাহের জানিয়েছেন, ঈদের সময় ট্রেনের টিকিট কালোবাজারি রোধ এবং যাত্রীদের সুবিধার্থে প্রয়োজনীয় সব রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, ঈদ উপলক্ষে দেয়া অগ্রিম টিকিট সংগ্রহকারী যাত্রীরা ভ্রমণ করবেন আসনে বসে। তবে এর বাইরে আগ্রহী যাত্রীরা সংশ্লিষ্ট যাত্রার দিন তাত্ক্ষণিকভাবে কাউন্টার থেকে স্ট্যান্ডিং টিকিট সংগ্রহ করে দাঁড়িয়ে ভ্রমণ করতে পারবেন।