দেবোত্তর সম্পত্তি আইন অবিলম্বে পাস করুন
প্রকাশ : ০১ অক্টোবর ২০১৩, ২১:৩৫
‘বাংলাদেশ মাইনোরিটি সংগ্রাম পরিষদ’-এর সভাপতি অধ্যক্ষ অশোক তরু এবং সাধারণ সম্পাদক এডভোকেট অশোক কুমার ঘোষ এক যুক্ত বিবৃতিতে দেবোত্তর সম্পত্তি আইন, ২০১৩ অবিলম্বে জাতীয় সংসদে পাস করার দাবি জানান।
দীর্ঘ দুই দশকের বেশি সময় যাবত্ আপামর হিন্দু জনগোষ্ঠী দেবোত্তর সম্পত্তি রক্ষার জন্য আইন প্রণয়নের দাবি জানিয়ে আসছে। সেবাইত নামধারী কিছু অসত্ ব্যক্তি দেবোত্তর সম্পত্তি সম্পূর্ণ বে-আইনীভাবে হস্তান্তর করে কোটি কোটি টাকা আত্মসাত্ করে আসছে। সেবাইতের কার্যকলাপ পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণের জন্য কোন কর্তৃপক্ষ না থাকার সুযোগে এই সব লোভী দুর্বৃত্তরা হিন্দুদের সর্বনাশ করে চলেছে। আইন অনুযায়ী সেবাইতগণ দেবতার ভৃত্য, কর্মকর্তা বৈ অন্য কিছু নন, কোন অবস্থাতেই তারা দেবোত্তর সম্পত্তির মালিক নন। পূজা উদযাপন পরিষদের নাম ব্যবহারে কয়েকজন মুষ্টিমেয় ব্যক্তি ও জামায়াতপন্থি হিন্দু মহাজোটের কিছু স্বার্থান্বেষী ব্যক্তি নিজেদের স্বার্থের জন্য প্রস্তাবিত আইনটি সম্পর্কে মিথ্যাচার করে নানাস্থানে বিভ্রান্তি ছড়াচ্ছেন এবং উক্ত স্বার্থান্বেষী ব্যক্তিরা কখনো হিন্দু সমাজের প্রতিনিধিত্ব করেন না। এদের দৌরাত্ম্য থেকে দেবোত্তর সম্পত্তি রক্ষার জন্য এবং সম্পত্তি নিয়ন্ত্রণের জন্য অতি দ্রুত মন্ত্রিসভায় চূড়ান্তভাবে অনুমোদিত বিলটি জনস্বার্থে আসন্ন সংসদ অধিবেশনে অবিলম্বে পাস হওয়া অতীব জরুরী। উল্লেখ্য, রাষ্ট্রপতি এই আইনটি সংসদে পাসের জন্য লিখিত সুপারিশ করেছেন। -প্রেস বিজ্ঞপ্তি