মুম্বাইয়ে ২০০তম টেস্ট খেলতে চান শচীন
প্রকাশ : ০১ অক্টোবর ২০১৩, ২১:৩৯
শচীন টেন্ডুলকার তার ২০০তম টেস্ট ম্যাচটি মুম্বাইয়ে খেলার অভিপ্রায় ব্যক্ত করেছেন বলে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সূত্রে জানা গেছে। মাইলফলক স্পর্শ করা ম্যাচটি তিনি নিজের হোম গ্রাউন্ড মুম্বাইর ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলতে চান। সবকিছু ঠিকঠাক থাকলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ক্রিকেটার হিসেবে শচীন ২০০তম টেস্টটি খেলবেন।
এনডিটিভি প্রচারিত সংবাদে বলা হয়, নিজ মাঠের সমর্থকদের সামনে শচীন তার ২০০তম টেস্ট ম্যাচ খেলবেন। ক্রিকেট এসোসিয়েশন অব বেঙ্গলও (ক্যাব) কোলকাতার ইডেন গার্ডেনে এই ঐতিহাসিক ম্যাচটি আয়োজন করতে চেয়েছিল। মূলত বিসিসিআইত্র রোটেশন পদ্ধতি অনুযায়ী কোলকাতা অথবা মুম্বাই এ ম্যাচ আয়োজন করতে পারে।
বিসিসিআই’র একজন সিনিয়র কর্মকর্তা জানান, ‘শচীন কিছু ইচ্ছে প্রকাশ করলে সেটাকে “না” বলাটা কঠিন। এছাড়া আবেগের দৃষ্টিকোণ বিবেচনা করলেও মুম্বাইতে খেলাটা তার প্রাপ্য।’ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট ও ওয়ানডে সিরিজের সূচি নির্ধারণ করতে ফিক্সার কমিটি ৩ অক্টোবর বৈঠক করবে তখনই এ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেয়া হবে বলে ধারণা করা হচ্ছে।
আলোচিত ম্যাচটির ভেন্যুটি কর্মকর্তাদের পছন্দ হাওয়ায় ইডেন গার্ডেন কর্তৃপক্ষ খুবই আশাবাদী ছিল। তবে এমনকি ক্যাব কর্মকর্তারাও মনে করছেন এমন আলোচিত একটা ম্যাচ শচীনের হোম গ্রাউন্ডের সমর্থকদের সামনেই হওয়া উচিত।
ক্যাবের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘শচীন যেহেতু ইতোমধ্যেই মুম্বাইয়ে ম্যাচটি খেলার অভিপ্রায় ব্যক্ত করেছেন তাই ম্যাচটি আয়োজনের ব্যাপারে আমরা খুব বেশি আশা করছি না। মনে করুন, সৌরভ গাঙ্গুলি তার ২০০তম ম্যাচ খেলছেন, তিনি কি মুম্বাইতে এ ম্যাচ খেলতে পছন্দ করতেন? যদি ইডেনে এ ম্যাচ হয় তাহলে শচীনের ম্যাচের জন্য আমরা বিরাট আয়োজন করব। কিন্তু স্বাগতিক না হতে পারলেও আমরা তা মেনে নেব।’ —বাসস