আকরাম খানসহ চার প্রার্থী নির্বাচিত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের মনোনয়নপত্র গ্রহণের প্রথম দিনেই পাচ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। এরা হলেন সাবেক তারকা ক্রিকেটার আকরাম খান, চট্টগ্রাম বিভাগী ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আ জ ম নাছির, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার শফিউল আলম চৌধুরী নাদেল, রংপুর বিভাগীয় ক্রীড়া সংস্থার আনোয়ারুল ইসলাম ও বরিশাল জেলা ক্রীড়া সংস্থার আউয়াল চৌধুরী ভুলু। এই প্রার্থীরা সি-ওয়ান ক্যাটাগরি থেকে নির্বাচনে লড়াই করার জন্য গতকাল দুপুরে মনোনয়নপত্র তুলেছিলেন। কিন্তু তাদের বিপক্ষে আর কোনো প্রার্থী মনোনয়নপত্র না তোলায় এখন এই চার জন চূড়ান্তভাবে নির্বাচিত হতে যাচ্ছেন। এখন প্রার্থীদের মনোনয়নপত্র সঠিকভাবে পূরণ করে জমা দিলেই চূড়ান্তভাবে নির্বাচিত হবেন। বিসিবির নির্বাচনে নাজমুল হাসান পাপনের সঙ্গী হয়েছেন জাতীয় দলের সাবেক চার অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু, আকরাম খান, নাইমুর রহমান দুর্জয় এবং খালেদ মাহমুদ সুজন। গতকাল তারা মনোনয়নপত্র গ্রহণ করে সংবাদ মাধ্যমের সাথে কথা বলেন। আকরাম খান বিসিবির নির্বাচক কমিটির দায়িত্বে ছিলেন। নির্বাচনের জন্য বিসিবি থেকে পদত্যাগ করেছেন। গতকাল মনোনয়নপত্র জমা দিয়ে পাপনের সঙ্গী হওয়ার ব্যাখ্যা দিলেন, ‘ওনারাই বেশি উত্সাহ যুগিয়েছেন আমাদেরকে। আর তাছাড়া তাদের ফিউচার প্ল্যানও আমাদের ভালো লেগেছে।’ পাপনদের সম্মিলিত পরিষদের সাথে যোগ দেয়ার ব্যপারে জাতীয় দলের সাবেক অধিনায়ক নাইমুর রহমান দুর্জয় বলেন, ‘এই প্যানেলের পাপন ভাই আমাদেরকে বোর্ডে ঢুকিয়েছেন। কাজ করার সুযোগ করে দিয়েছেন। আর আগের কমিটি প্লেয়ারদেরকে সরিয়ে দিতে ব্যস্ত ছিল।’ গতকাল সর্বমোট ৪৫টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। এর মধ্যে সম্মিলিত পরিষদের ব্যানারে বিসিবির সভাপতি প্রার্থী নাজমুল হাসান পাপন এবং তার সমর্থনকারীরা ৪২টি মনোনয়নপত্র তুলেছেন। এ ছাড়াও গাজী ট্যাংকের গাজী গোলাম মর্তুজা, লুত্ফর রহমান বাদল এবং হানিফ ভুঁইয়াও মনোনয়নপত্র তুলেছেন। সাবের হোসেন চৌধুরী এবং জেলা ও বিভাগীয় কাউন্সিলররা মনোনয়নপত্র তোলেননি।