শীর্ষেই আছে রাকিব
প্রকাশ : ০১ অক্টোবর ২০১৩, ২১:৪৩
বার্জার পেইন্টস ৩৯তম জাতীয় ’এ’ দাবা চ্যাম্পিয়নশিপের দশম রাউন্ডের খেলা শেষে দুরন্ত রাজশাহীর গ্র্যান্ড মাস্টার আব্দুল্লাহ আল রাকিব সাড়ে আট পয়েন্ট নিয়ে এককভাবে পয়েন্ট তালিকায় শীর্ষস্থান অক্ষুন্ন রেখেছেন। গতকাল বিওএ ভবনে দশম রাউন্ডের খেলায় রাকিব তিতাস ক্লাবের জামাল উদ্দিনকে হারিয়েছেন। আনসারের আন্তর্জাতিক মাস্টার মিনহাজউদ্দিন আহমেদ সাগর আট পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন। সাগর হারিয়েছেন একসেস গ্রুপের ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগকে।
মোহামেডানের গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান সাড়ে সাত পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন। জিয়া একসেস গ্রুপের ফিদে মাস্টার দেবরাজকে হারিয়েছেন। দুরন্ত রাজশাহীর গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব তিতাস ক্লাবের ফিদে মাস্টার সেখ নাসির আহমেদের সাথে ড্র করেন। গতবারের চ্যাম্পিয়ন মোহামেডানের গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ এ রাউন্ডে ঢাকা সিটির মোহাম্মদ হাফিজুল ইসলাম চপলকে হারিয়ে আবার খেলায় ফিরেছেন।আজ কোনো খেলা নেই। আগামিকাল বেলা আড়াইটায় খেলা শুরু হবে।