ঢাকায় নিউজিল্যান্ডের অগ্রবর্তী বাহিনী
প্রকাশ : ০১ অক্টোবর ২০১৩, ২১:৪৪
চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিসহ কিছু জটিলতার কারণে এবার নিউজিল্যান্ড দল বাংলাদেশ সফরে আসছে কয়েকটি ছোট দলে ভাগ হয়ে। এর মধ্যে প্রথম ও সবচেয়ে বড় গ্রুপটি গতকাল মঙ্গলবার দুপুরে ঢাকা পৌঁছেছে। ১৩ সদস্যের এই দলটি শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে নেমে দুইটার মধ্যে হোটেল সোনারগাঁওয়ে পৌঁছে যান। আজ এবং আগামী দু’দিনের মধ্যে নিউজিল্যান্ডের পুরো দল কয়েক ভাগে বাংলাদেশে এসে পৌঁছাবে।
আগামী ৯ অক্টোবর সিরিজের প্রথম টেস্ট খেলতে চট্টগ্রাম যাবে কিউইরা। এর আগে ৪ থেকে ৬ অক্টোবর বিসিবি একাদশের বিপক্ষে এমএ আজিজ স্টেডিয়ামে তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে অতিথিরা। চট্টগ্রামেই সরাসরি দলের সঙ্গে যুক্ত হবেন দলীয় অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম, নেইল ওয়াগনার ও হ্যামিশ রাদারফোর্ড। চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি টুর্নামেন্টে অংশগ্রহণের কারণেই তাদের আসতে দেরি হবে।
বাংলাদেশ সফরে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে নিউজিল্যান্ড দল। ২১ অক্টোবর থেকে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে। ২৯ ও ৩১ অক্টোবর সিরিজের প্রথম দুটি ওয়ানডে অনুষ্ঠিত হবে শের-ই-বাংলা স্টেডিয়ামে। ৩ নভেম্বর ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে হবে তৃতীয় ওয়ানডে। আইসিসির অনুমোদন পেলে ৬ নভেম্বরের একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি সিলেট বিভাগীয় স্টেডিয়ামে।