ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে ইলিশ

দীর্ঘ প্রতীক্ষার পর মৌসুমের শেষ সময়ে দখিনের জেলেদের জালে ব্যাপক হারে ইলিশ ধরা পড়ছে। বিশেষ করে গত কয়েক দিন বাদল দিনের ইলশে গুঁড়ি বৃষ্টি আর জোয়ারের পানির সাথে ঝাঁকে ঝাঁকে ছুটে চলা ইলিশ জেলেদের জালে বন্দী হওয়ায় উপকূলের মত্স্য পরিবারগুলোতে হাসি ফুটেছে। এবার মৌসুমের শুরুতে একেবারেই ইলিশ শূন্য ছিলো বঙ্গোপসাগর থেকে শুরু করে মেঘনা মোহনার চাঁদপুর পর্যন্ত। ইলিশ ধরা না পড়ায় জেলেদের পাশাপাশি মত্স্য ব্যবসায়ীদের কপালে দুশ্চিন্তার রেখা স্পষ্ট হয়ে উঠেছিলো। কপালের সেই ভাঁজ ঘুচে এখন মুখে হাসি ফুটছে। খুশির ঝলক এখন এ অঞ্চলের বরফ কল মালিকদের মুখেও। জেলেরা জানায়, চলতি মাসের মাঝামাঝি সময়ে নদ-নদীতে বেশ ভাল ইলিশ ধরা পড়তে শুরু করে। ২১ সেপ্টেম্বর থেকে গতকাল সোমবার পর্যন্ত গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে উপকূলে। অব্যাহত এ ইলশে গুঁড়ি বৃষ্টির সাথে যেন পাল্লা দিয়েই ঝাঁকে ঝাঁকে জেলেদের জালে ইলিশ ধরা পড়ছে। মেহেন্দীগঞ্জের জেলে বজলুর রহমান জানান, উজানের পানিতে ছুটে আসা দলবদ্ধ ইলিশের ঝাঁক তাদের জালে সারিবদ্ধ হয়ে আটকা পড়ছে। সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময় থেকে যারাই ইলিশ শিকারে গেছেন তারাই নদী থেকে প্রচুর পরিমাণ ইলিশ নিয়ে মোকামে ফিরেছেন। মত্স্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী ১ সেপ্টেম্বর পর্যন্ত এ অঞ্চলের নদ-নদী থেকে মোকামে এসেছে মাত্র ১৮ হাজার ২৫০ মণ ইলিশ। আর ২১ সেপ্টেম্বর একদিনেই মোকামে ইলিশ এসেছে ১৬শ মণের বেশি। এটাই নগরীর পোর্ট রোডের মোকামে চলতি মৌসুমে সর্বোচ্চ পরিমাণ ইলিশ আসার রেকর্ড।