দুনিয়াতে সম্ভব ও অসম্ভবের দূরত্ব দিন দিন কমে যাচ্ছে
প্রকাশ : ০১ অক্টোবর ২০১৩, ২২:১৮
শান্তিতে নোবেল জয়ী ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দুনিয়াতে সম্ভব ও অসম্ভবের মধ্যে দূরত্ব দিন দিন কমে যাচ্ছে। এটি এখন কল্পনার ব্যাপার মাত্র। তিনি এমন এক পৃথিবী কল্পনা করার আহবান জানিয়েছেন, যেখানে দারিদ্র্য ও বেকারত্ব বলে কিছু থাকবে না। গত ৩০ সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন তিনি।
‘নিউ হ্যাম্পশায়ার সোশ্যাল বিজনেস ও মাইক্রোফিন্যান্স ফোরাম’ শীর্ষক এই সম্মেলনে তিনি সোশ্যাল বিজনেস ইনোভেশন চ্যালেঞ্জ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কারও বিতরণ করেন। এই প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থী, কমিউনিটি সদস্য ও সামাজিক উদ্যোক্তারা সামাজিক ও পরিবেশগত ইস্যুগুলোর বাণিজ্য ভিত্তিক সমাধানের জন্য বিভিন্ন রকম সামাজিক ব্যবসা প্রকল্পের রূপরেখা প্রণয়ন করে।
আর সম্মেলনটি আয়োজন করা হয়েছিল বড় বড় সোশ্যাল বিজনেস প্রকল্প নিয়ে আলোচনা এবং সোশ্যাল বিজনেস ইনোভেশান চ্যালেঞ্জ প্রতিযোগিতার বিজয়ী নির্বাচন করার জন্য। নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্য পার্লামেন্টের স্পিকার টেরি নোরেলি সম্মেলনটি উদ্বোধন করেন এবং যুক্তরাষ্ট্র কংগ্রেসের সদস্য ক্যারোল সিয়া পোর্টার এতে বক্তব্য দেন। সম্মেলনে ড. মুহাম্মদ ইউনূস ছিলেন মূল বক্তা।
ঢাকায় ইউনূস সেন্টার থেকে জানানো হয়, সমগ্র আমেরিকার বিভিন্ন সংস্থা থেকে মোট ৩০ জন বিচারক এই প্রতিযোগিতার বিজয়ীদের নির্বাচিত করার কাজের সাথে যুক্ত ছিলেন।