ইইউ’র মানবাধিকার পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় স্নোডেন
প্রকাশ : ০১ অক্টোবর ২০১৩, ২২:২০
যুক্তরাষ্ট্রে গোয়েন্দা তথ্য ফাঁস করে পলাতক সাবেক সিআইএ কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেন ইউরোপীয় ইউনিয়নের সর্বোচ্চ মানবাধিকার পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় স্থান পেয়েছেন। পুরস্কারের জন্য তিনজনের একটি তালিকা করা হয়েছে। এর আগে দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা ও মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচি এই পুরস্কার পান। খবর বিবিসির।
আগামী ১০ অক্টোবর ‘শাখারভ’ নামের এই পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হবে। সংক্ষিপ্ত এই তালিকায় পাকিস্তানের নারীশিক্ষাকর্মী মালালা ইউসুফজাইও রয়েছেন। স্নোডেন বর্তমানে আত্মগোপনে রাশিয়ায় আছেন। এর আগে মুক্তচিন্তার জন্য ‘শাখারভ’ পুরস্কার দিতে ইউরোপীয় পার্লামেন্টের সদস্যদের মনোনীত ৭ জনের মধ্যে স্থান পান স্নোডেন। গ্রিন সদস্যরা স্নোডেনকে মানবাধিকারের পক্ষে অনবদ্য ভূমিকার জন্য ইউরোপীয় পার্লামেন্টের এ পুরস্কারের জন্যে তাকে মনোনীত করে। ইন্টারনেট এবং টেলিফোনে যুক্তরাষ্ট্রের আড়িপাতার গোপন কর্মসূচি ফাঁস করে দিয়ে স্নোডেন মানবাধিকার এবং ইউরোপীয় নাগরিকদের জন্য অনেক বড় কাজ করেছেন বলেই মত দিয়েছেন তারা। পলাতক স্নোডেনকে নিরাপদ আশ্রয় দিয়েছে রাশিয়া। আর গুপ্তচরবৃত্তির অভিযোগে যুক্তরাষ্ট্র তার বিচার করতে চাইছে।