শিক্ষকদের অবস্থান কর্মসূচির প্রতিবাদে জাবি ভিসির অবস্থান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদালয়ের ভিসি অধ্যাপক আনোয়ার হোসেনের পদত্যাগ দাবিতে শিক্ষক ফোরামের ভিসির বাসভবনের সামনে অবস্থান কর্মসূচির প্রতিবাদে ভিসি নিজেও বাসভবনের বাইরে সস্ত্রীক অবস্থান কর্মসূচি পালন করছেন। গতকাল মঙ্গলবার রাত দশটার দিকে ভিসি বাসভবনের বাইরে এ অবস্থান কর্মসূচি শুরু করেন। দুপুরে শিক্ষকরা তার বাসভবনের সামনে অবস্থানের সময় ভিসি বাসভবনে ছিলেন না। রাতে ভিসি অধ্যাপক আনোয়ার হোসেন নিজ বাসায় ঢুকতে গেলে বাসার সামনে আন্দোলনকারী শিক্ষকদের দেখতে পান। এ সময় তিনি বাসার কর্মচারীকে একটি মাদুর নিয়ে আসতে বলেন। ওই কর্মচারী মাদুর নিয়ে এলে তিনি বাসভবনের প্রধান গেটের সামনে তা বিছিয়ে স্ত্রীকে নিয়ে বসে পড়েন। জাবি শিক্ষকদের একাংশের অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক মো. আনোয়ার হোসেনের পদত্যাগ দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দিয়েছেন আন্দোলনরত ‘সাধারণ শিক্ষক ফোরাম’। এই দাবিতে তারা ভিসির বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন। অন্যদিকে শিক্ষকদের এ ধরনের আন্দোলন প্রত্যাহারের আহবান জানিয়েছে শিক্ষক মঞ্চ ও সাধারণ শিক্ষক পর্ষদ নামে শিক্ষকদের দুটি অংশ। এছাড়া রেজিস্ট্রার আবু বকর সিদ্দিককে দ্বিতীয় দিনের মতো অবরুদ্ধ করে রাখেন আন্দোলনকারী শিক্ষকরা। গতকাল মঙ্গলবার বিকাল ৪টার দিকে ভিসির বাসভবনের সামনে এক সংবাদ সম্মেলনে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দেয় সাধারণ শিক্ষক ফোরাম। এ বিষয়ে আন্দোলনরত শিক্ষক ফোরামের আহ্বায়ক অধ্যাপক মুহম্মদ হানিফ আলী বলেন, ‘ভিসি পদত্যাগ না করা পর্যন্ত আমাদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে।’ অন্যদিকে বাম শিক্ষকদের সংগঠন শিক্ষক মঞ্চ নতুন কলা অনুষদের শিক্ষক লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে জানায়, বর্তমানে বিশ্ববিদ্যালয়ে আন্দোলনের নামে দুর্বৃত্তায়ন করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের সচলাবস্থার জন্য তারা চারটি দাবি জানান সংবাদ সম্মেলন থেকে। দাবিগুলো হচ্ছে ভর্তি পরীক্ষা সঠিক সময়ে আয়োজন করার সকল ব্যবস্থা অবিলম্বে গ্রহণ করা , নতুন নিয়োগপ্রাপ্ত ডিনদের দায়িত্ব গ্রহণের ও দায়িত্ব পালনের ব্যবস্থা দ্রুততর সময়ে করা, কর্মবিরতির নামে ক্লাস ও পরীক্ষা জিম্মি করার সকল কর্মকাণ্ড প্রত্যাহার করা, বিশ্ববিদ্যালয়ে মাত্সন্যায় পরিস্থিতির অবসান এবং কমিশনের প্রতিবেদন দ্রুত পেশ করা। সন্ধ্যা ছয়টার শিক্ষককের অপর সংগঠন- সাধারণ শিক্ষক পর্যদ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে এক সংবাদ সম্মেলনে জানায়, শিক্ষকদের একটি অংশ অবরোধের নামে অশিক্ষক সুলভ আচরণ করছেন। এসময় লিখিত বক্তব্যে সাধারণ পর্ষদের আহবায়ক অধ্যাপক আহমেদ রেজা জানান, বিশ্ববিদ্যালয়কে রক্ষার জন্য শিক্ষকদের আন্দোলনকারী অংশকে আন্দোলন থেকে সরে আসার জন্য আহবান জানাচ্ছি। এর পরিপ্রেক্ষিতে তিনি তিন দফা দাবি করেন। দাবি গুলো হচ্ছে-শিক্ষকদের কর্মসূচি প্রত্যাহার, আসন্ন ভর্তি পরীক্ষার ক্ষেত্রে কোন রকম কূট কৌশল না করা এবং ক্লাস-পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত থেকে সরে আসা। এদিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক ও ডেপুটি রেজিস্ট্রার (টিচিং) মো. আবু হাসানকে দ্বিতীয় দিনের মতো অবরুদ্ধ করে রেখেছেন আন্দোলনরত ‘সাধারণ শিক্ষক ফোরামে’র সদস্যরা। সোমবার আইন ও বিচার অনুষদের ডিনকে অপসারণ করে নতুন ডিন নিয়োগ দেন ভিসি অধ্যাপক আনোয়ার হোসেন। এছাড়া ভিসি বিজনেস স্ট্যাডিজ ও জীববিজ্ঞান অনুষদের ডিন নিয়োগ দেন। এ প্রজ্ঞাপন বন্ধ রাখার দাবিতে সোমবার দুপুর ২টা থেকেই রেজিস্ট্রার ভবনের সামনে অবস্থান নেন আন্দোলনরত শিক্ষকরা। এ সময় তারা রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক ও ডেপুটি রেজিস্ট্রার মো. আবু হাসানকে অবরুদ্ধ করে রাখেন।