এমবিবিএস ভর্তি কেলেঙ্কারি
ভারতে কংগ্রেস নেতার চার বছরের দণ্ড
প্রকাশ : ০১ অক্টোবর ২০১৩, ২২:২২
মেডিক্যালে (এমবিবিএস) ভর্তি কেলেঙ্কারিতে দোষী সাব্যস্ত হওয়ার কারণে ভারতের এক কংগ্রেস নেতাকে চার বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির এক আদালত। ওই নেতা অযোগ্য এক শিক্ষার্থীকে ভর্তির জন্য সুপারিশ করেছিলেন। খবর টাইমস অব ইন্ডিয়ার।
কারাদণ্ড হওয়ার কারণে রাশিদ মাসুদ নামের এই নেতা রাজ্যসভার সদস্য পদ হারাবেন। ১৯৯০ সালে তিনি একটি মেডিক্যাল কলেজে এক শিক্ষার্থীকে অর্থের বিনিময়ে ভর্তি করেন বলে মামলায় অভিযোগ করা হয়। সমপ্রতি দেশটির সুপ্রিম কোর্ট কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের সংসদ সদস্য পদে রাখার অধ্যাদেশ বাতিল ঘোষণা করে। এনিয়ে প্রেসিডেন্ট প্রণব মুখার্জি এবং কংগ্রেসের ভাইস-প্রেসিডেন্ট রাহুল গান্ধীও অধ্যাদেশের সমালোচনা করেন। অধ্যাদেশ বাতিল হওয়ার ফলে রাষ্ট্রীয় জনতা দলের সভাপতি এবং বিহারের সাবেক মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবকেও জেল খাটতে হচ্ছে।