যুদ্ধাপরাধের দল বিএনপি :১৪ দল
প্রকাশ : ০১ অক্টোবর ২০১৩, ২২:২২
একাত্তরে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির রায়ে সন্তোষ প্রকাশ করেছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল। ক্ষমতাসীন এ জোটের নেতৃবৃন্দ ইত্তেফাককে দেয়া তাত্ক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, এ রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে বিএনপি যুদ্ধাপরাধীদের দল। রায়ে জনগণের প্রত্যাশা পূরণ হওয়ায় দেশবাসী আজ আনন্দিত। জাতি কলঙ্ক মোচনে আরো একধাপ এগিয়ে গেল। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম জানান, সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির রায় ঘোষণার মধ্যদিয়ে দেশবাসীর প্রত্যাশা পূরণ হয়েছে। একজন চিহ্নিত ঘাতকের এই রায় জনগণ প্রত্যাশা করেছিল। এই রায়ে শহীদদের আত্মা শান্তি পাবে। তিনি বলেন, এই রায় বাস্তবায়ন করতে হলে আগামীতে আবারও মহাজোটকে ক্ষমতায় আনতে হবে। নইলে বিএনপি-জামায়াত ক্ষমতায় এলেই সকল সাজাপ্রাপ্ত অপরাধী মুক্তি পেয়ে যাবে। তাই দেশবাসীকে সিদ্ধান্ত নিতে হবে তারা কি করবে?
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ জাতির দীর্ঘ প্রত্যাশিত রায় হয়েছে উল্লেখ করে জানান, এ রায়ে প্রমাণ হল বিএনপি যুদ্ধাপরাধীদের দল। যুদ্ধাপরাধীদের তারা যে পৃষ্ঠপোষকতা করে এই রায়ে সেটাই প্রমাণিত হলো। এখন জনগণের উচিত তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নেয়া। হানিফ বলেন, যে প্রত্যাশা নিয়ে সাধারণ মানুষ আওয়ামী লীগকে ভোট দিয়েছিল, সে প্রত্যাশা অনুযায়ী রায় হয়েছে। এ রায়ে জাতির প্রত্যাশা পূরণ হয়েছে।
ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন জানান, এটা আমাদের দীর্ঘদিনের প্রতীক্ষিত রায়। মানুষ সবসময় এসব ঘাতকের সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা করছিল। আজ মানুষের সেই আশা পূরণ হল। জাতীয় সমাজতান্ত্রীক দল জাসদ’র সাধারণ সম্পাদক শরীফ নূরুল আম্বিয়া বলেন, সালাউদ্দিন কাদের চৌধুরীর মামলার রায়ের মাধ্যমে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির বিজয় হয়েছে।
সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ও শিল্পমন্ত্রী দিলিপ বড়ুয়া জানান, সালাউদ্দিন কাদের চৌধুরীর মামলার রায়ের মাধ্যমে প্রমাণ হয়েছে যে, কেউই আইনের ঊর্ধ্বে নয়। দেরিতে হলেও অপরাধের শাস্তি পেতেই হয়। রায়ে জাতির প্রত্যাশা পূরণ হয়েছে।
কমিউনিস্ট কেন্দ্রের যুগ্ম-আহ্বায়ক ডা. অসিত বরণ বলেন, এ রায়ে জাতির প্রত্যাশ পূরণ হয়েছে। আমরাও চেয়েছিলাম যে, সালাউদ্দিন কাদের চৌধুরী যেন কোনো দলের নেতা হিসেবে বিচার না পায়। অপরাধী হিসেবেই যেন ন্যায়বিচার হয়।
গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক নূরুর রহমান সেলিম বলেন, আমরা চেয়েছিলাম মানবতা বিরোধী অপরাধের দায়ে সালাউদ্দিন কাদের চৌধুরীর সর্বোচ্চ শাস্তি। রায়ে আমাদের সে প্রত্যাশা পূরণ হয়েছে।