হিন্দু সম্প্রদায়কে হত্যা ও নির্যাতনের জন্য এ দণ্ড :এটর্নি জেনারেল
প্রকাশ : ০১ অক্টোবর ২০১৩, ২২:২২
এটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম বলেছেন, হিন্দু ধর্মাবলম্বীদের হত্যা এবং নির্যাতনের দায়ে সালাহউদ্দিন কাদের চৌধুরীকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। মৃত্যুদণ্ডের এ রায়ে আমরা কলংকমুক্ত হয়েছি। গতকাল মঙ্গলবার ট্রাইব্যুনালের রায় ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন। এটর্নি জেনারেল বলেন, সালাহউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের ৯টি অভিযোগ প্রমাণিত হয়েছে। তার মধ্যে ৪টি হচ্ছে জঘন্য হত্যাকাণ্ড ও গণহত্যা। এর জন্যই তাকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। তিনি বলেন, সালাহউদ্দিন কাদের চৌধুরী হিন্দু ধর্মাবলম্বী ও সাধারণ মানুষের ওপর যে গণহত্যা চালিয়েছিল তা ছিল অভাবনীয়। যেসব পরিবারের ওপর এ হত্যাযজ্ঞ চালিয়েছিল ৪২ বছর পরে হলেও ওই অপরাধের গভীরতা নির্ণয় করে আদালত সঠিক রায় দিয়েছে। এ রায়ে নিহতদের স্বজন ও ক্ষতিগ্রস্তরা স্বস্তির নিঃশ্বাস ফেলবেন।
এটর্নি জেনারেল বলেন, সালাহউদ্দিন কাদের ছয় বারের সংসদ সদস্য হলেও সব সময় তার আচরণ ছিল আদালতের প্রতি অসম্মানজনক, ঔদ্ধত্যপূর্ণ। আদালতের বিচারকে বিভিন্নভাবে বাধা সৃষ্টি করেছে তার আচরণ।
ট্রাইব্যুনাল কর্তৃক রায় ঘোষণার পূর্বেই সোমবার রাতে বিভিন্ন ওয়েবসাইটে রায় প্রকাশের অভিযোগ সম্পর্কে এটর্নি জেনারেল বলেন, এসব মনগড়া কথা। আমি এটর্নি জেনারেল হয়েও রায় সম্পর্কে জানতে পারিনি, ওয়েব সাইটে যাওয়ার প্রশ্নই আসে না।
প্রসিকিউটর জেয়াদ আল মালুম বলেন, রায় আগেই পাওয়ার যে দাবি করা হয়েছে তা বিচারকে প্রশ্নবিদ্ধ করার জন্য একটি নতুন নাটক। এটা নতুন ষড়যন্ত্র।