আলোচনায় ‘বিগ বস’

বলিউড সুপারস্টার সালমান খান উপস্থাপিত বিশ্বখ্যাত টিভি রিয়েলিটি শোর ভারতীয় সংস্করণটি বরাবরই আলোড়ন সৃষ্টি করে ছোট পর্দায়। এবারও, ‘বিগ বস’-এর সপ্তম সিজনটি শুরু হওয়ার আগে নানা জল্পনা-কল্পনা চলছিল। কারা হবেন এবারের ‘বিগবস’-এ প্রতিযোগী—এমন প্রশ্ন গত বেশ কিছুদিন ধরে উচ্চারিত হচ্ছিল সবার মুখে মুখে। তবে সারপ্রাইজ দেওয়ার মতো বেশকিছু সেলিব্রেটি ফেসকে দেখা যাচ্ছে এবারের ‘বিগ বস’-এ। সালমান খান উপস্থাপিত ভিন্ন ধাঁচের এই রিয়েলিটি শো নিয়ে লিখেছেন রেজাউল করিম খোকন এবার ‘বিগ বস’-এর সপ্তম সিজন শুরু হওয়ার আগে একবার শোনা গেল আমিশা প্যাটেল থাকবেন এই রিয়েলিটি শোতে। তাকে বেশ মোটা অঙ্কের সম্মানীর অফারও দেওয়া হয়েছিল। কিন্তু আমিশা অনেকটা তাচ্ছিল্যের ভঙ্গিতে ‘বিগ বস’-এ অংশ নেওয়ার সম্ভাবনা নাকচ করে দিয়ে বলেছিলেন, ‘আমি কিভাবে দাঁত ব্রাশ করি, কোন ভঙ্গিতে রাতে বিছানায় শুই ইত্যাদি একান্ত বিষয়গুলো জনসমক্ষে তুলে ধরে অর্থ উপার্জনের ধান্ধা করার কথা ভাবতে পারি না। আমি কোটি রুপি পারিশ্রমিক দিলেও কোনো সময়েই ‘বিগ বস’-এ অংশ গ্রহণ করব না। আমিশা প্যাটেলের মতো দক্ষিণী সিনেমার সুন্দরী অভিনেত্রী হান্সিকা মাশুওয়ানিরও নাম শোনা গিয়েছিল সম্ভাব্য প্রতিযোগীর তালিকায়। শেষ পর্যন্ত হান্সিকাও ‘বিগ বস ৭’-এ নেই। সাধারণত ছোট পর্দা-বড় পর্দার তারকাদের সঙ্গে অন্যান্য অঙ্গনের তেমন প্রখ্যাত নারী-পুরুষদের প্রতিযোগীরূপে দেখা যায় ‘বিগবস’ অনুষ্ঠানে। তবে যাদের ক্যারিয়ার ভাটার টান শুরু হয়েছে দীর্ঘদিন থেকে, এখন যাদের তেমন ব্যস্ততা নেই ছোট পর্দা কিংবা বড় পর্দায়, তেমন অনেক অভিনেতা-অভিনেত্রী, উপস্থাপক-উপস্থাপিকা ‘বিগ বস’-এ মধ্যমণি হয়ে উঠতে চান। সালমান খান শুরু থেকে ‘বিগ বস’ অনুষ্ঠানটি উপস্থাপনা করে আসছেন। ফলে অনেক দর্শক সালমান খানকে বিনা পয়সায় টিভি পর্দায় দেখার সুযোগ পাচ্ছেন। সালমান খানই এক পর্যায়ে অনুষ্ঠানটির মধ্যমণি হয়ে উঠেছেন। ‘বিগ বস’ অনুষ্ঠানটিকে বেশ গুরুত্বের সঙ্গে নিয়েছেন সালমান। সিনেমার কাজে অনেক ব্যস্ততার পরেও এই অনুষ্ঠানের জন্য আলাদা সময় বের করেন তিনি প্রতি বছর। গত ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে ‘বিগ বস’-এর নতুন সিজন। এটি ‘বিগ বস’-এর সপ্তম সিজন ‘বিগ বস ৭’। প্রথম আসর থেকেই রিয়েলিটি গেম শো ‘বিগ বস’ ছোট পর্দার অন্যতম একটি আকর্ষণ হিসেবে গণ্য হয়ে আসছে। শুধুমাত্র কাগজে কলমে নয়, বাস্তবেই জনপ্রিয়তার দৌড়ে এই গেম শোটি বেশ এগিয়ে থাকে সব সময়ে। এ কারণেই ‘বিগ বস’-এর বিজয়ীর পুরস্কারের মূল্য এক কোটি রুপি থেকে বেড়ে পাঁচ কোটি রুপিতে গিয়ে ঠেকেছে। এ বছর পাঁচ কোটি রুপি পুরস্কার জয়ের দৌড়ে ‘বিগ বস’-এর সপ্তম আসরে সামিল হয়েছেন ১৫ জন সেলিব্রেটি। তারা হলেন, অভিনেত্রী কাজলের ছোট বোন বলিউডে নায়িকা হিসেবে ব্যর্থ তানিশা, এমটিভি ও লাইফ ওকে চ্যানেলের উপস্থাপক ডিজে ও বলিউডের গ্ল্যামারাস আইটেম গার্ল গওহর খান, জনপ্রিয় টিভি সিরিয়াল ‘আগলে জনম মে মোহে বিটিয়া হি কি জো’র প্রধান অভিনেত্রী রতন রাজপুত, ছোট পর্দার জনপ্রিয় তারকা দম্পতি অপূর্ব অগ্নি হোত্রী ও শিল্প সাকলানি। হিন্দি টিভি সিরিয়ালে ভ্যাম্প রোলের অভিনেত্রী কামিয়া পাঞ্জাবি, ‘বডিগার্ড’ ছবিতে কারিনা কাপুরের বান্ধবী চরিত্রে রূপদানকারী ব্রিটিশ বংশোদ্ভুত অভিনেত্রী হেজেল কিচ, চিত্রপ্রযোজক সালমান খানের বন্ধু রজত রাওয়াল, টিভি সিরিয়ালের অভিনেতা কুশল ট্যান্ডেন, রেসলার সংগ্রাম সিং, সালমান খানের ঘনিষ্ঠ বান্ধবী হিসেবে পরিচিত সুইডিস মডেল এলি এভরাম, ‘বালিকা বধূ’ টিভি সিরিয়াল খ্যাত অভিনেত্রী প্রত্যুষ ব্যানার্জি, ৯০ দশকের বলিউডের নায়ক আরমান কোহলি, প্রয়াত অভিনেতা রাজেশ খান্নার শেষ জীবনের ঘনিষ্ঠ নারী বন্ধু অনিতা আদাভি। এবারের ‘বিগ বস ৭’-এর থিম হলো ‘স্বর্গ ও নরক’। ‘বিগ বস’-এর ঘরকে স্বর্গ ও নরক দুইভাবে ভাগ করা হয়েছে ‘হেভেন’ ও ‘হেল’ নামে দুটি অংশে। ইতোমধ্যে সেলিব্রেটি প্রতিযোগীরা তাদের জন্য নির্ধারিত স্বর্গ ও নরকে দুটি সপ্তাহ পার করেছেন। দর্শক দারুণ উত্তেজনা আর আনন্দের মধ্যে উপভোগ করছেন ‘বিগ বস’-এর সপ্তম সিজনের প্রতিটি এপিসোড। কালারাস টিভি চ্যানেলে ভিন্ন ধাঁচের রিয়েলিটি শো ‘বিগ বস’ সপ্তাহে প্রতিদিন রাত সাড়ে নয়টায় দেখানো হয়।