গুগল ক্রোমের জন্য যুক্ত হলো নতুন নতুন ফিচার
প্রকাশ : ০২ অক্টোবর ২০১৩, ১৯:২৭
ইন্টারনেট এক্সপ্লোরারকে পেরিয়ে অনেক জায়গাতেই শীর্ষ ওয়েব ব্রাউজারের স্থানটি দখল করে নিয়েছে গুগল’র ওয়েব ব্রাউজার ক্রোম। তারপরেও এতে নতুন নতুন ফিচার যুক্ত করে চলেছে গুগল। সম্প্রতি ডেস্কটপ ক্রোম ব্রাউজারে ইমেজ সার্চ এবং অ্যান্ড্রয়েড ক্রোমের জন্য নতুন ধরনের জেশচার রিকগনিশনের সুবিধা চালু করেছে তারা। উইন্ডোজ, ম্যাক এবং লিনাক্সের জন্য তৈরি সর্বশেষ ক্রোম ৩০ সংস্করণে এখন ওয়েব থেকেই যেকোনো ছবি ব্যবহার করে সার্চ করা যাবে। অনলাইনে কোনো ছবিতে মাউসের ডান বাটন ক্লিক করলেই এখন ‘সার্চ গুগল ফর দিস ইমেজ’ অপশনটি পাওয়া যাবে। সেটাতে ক্লিক করলেই ওই ছবি সম্পর্কিত ফলাফল প্রদর্শন করবে গুগল। এর বাইরে ক্রোমের অ্যান্ড্রয়েড সংস্করণের জন্য নতুন ধরনের জেশচার রিকগনিশন চালু করেছে তারা। এর ফলে সরাসরি স্মার্টফোন কিংবা ট্যাবলেট পিসির ডিসপ্লেতে স্পর্শ না করেই হাতের ইশারায় ব্রাউজ করা যাবে ক্রোম। নতুন ট্যাব খোলা, ট্যাব বদল করা, ড্রপডাউন মেন্যু বের করা প্রভৃতি কাজ এখন আগের চাইতে অনেক বেশি সহজ করা হয়েছে। মোবাইল ডিসপ্লে’র উপরে ডানে-বামে বা উপরে-নিচে হাত ঘুরিয়েই কাজগুলো করা যাবে এর মাধ্যমে। উইন্ডোজ এবং ম্যাক সিস্টেমে স্বয়ংক্রিয়ভাবেই এই আপডেট যুক্ত হয়ে যাবে। লিনাক্স ব্যবহারকারীরা আপডেট ডাউনলোড করে নিতে পারবেন।