রাহুলের মন্তব্য ভালো সময়ের ইঙ্গিত করে না :মনমোহন সিং
প্রকাশ : ০২ অক্টোবর ২০১৩, ২০:২৩
ভারতে দোষী সাব্যস্ত এমপিদের রক্ষায় ‘বিতর্কিত’ অধ্যাদেশ নিয়ে রাহুল গান্ধীর বিরূপ মন্তব্যের বিষয়ে প্রধানমন্ত্রী মনমোহন সিং তার প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছেন, রাহুলের এ ধরনের কথা তার জন্য সুখকর সময়ের ইঙ্গিত করে না। মঙ্গলবার তিনি বলেন, এ কারণে তিনি পদত্যাগ করবেন না। এদিকে এই অধ্যাদেশের বিষয়ে সিদ্ধান্ত নিতে খুব শিগগিরই মন্ত্রিপরিষদ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। -খবর বিবিসি ও এনডিটিভির।
মনমোহন সিং বলেন, আমি রাহুল গান্ধীর বিবৃতি দেখেছি। গণতান্ত্রিক দেশে এ বিষয়টি নিয়ে যেহেতু আলোচনায় উঠে এসেছে,তাই এটি গণতান্ত্রিকভাবেই সুরাহা করতে হবে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটি নিয়ে আমাদের যথার্থভাবে আলোচনা করতে হবে। তিনি বলেন, রাহুল গান্ধী এ ব্যাপারে আমাকে বৈঠক ডাকার আহবান জানিয়েছেন। আমি আমার মন্ত্রিপরিষদ সহকর্মীদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করবো। তবে এই বিতর্ক নিয়ে আমার পদত্যাগের কোন প্রশ্নই উঠে না। গত সপ্তাহে এই অধ্যাদেশকে সম্পূর্ণ কাণ্ডজ্ঞানহীন বলে রাহুল গান্ধী বলেছিলেন, এটা ছিঁড়ে আঁস্তাকুড়ে ফেলা দেয়া উচিত। সংবাদ মাধ্যমের খবর ক্ষমতাসীন কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা রাহুল গান্ধীর এ সম্পর্কে বিরূপ মন্তব্যের পর এই আদেশটি প্রত্যাহার হতে পারে বলে ধারণা করা হচ্ছে।