সিরিয়ার যুদ্ধে নিহত ১ লাখ ১৫ হাজার ছাড়িয়েছে

সিরিয়ায় আড়াইবছরের গৃহযুদ্ধে সেনা, বিদ্রোহী ও বেসামরিক নাগরিকসহ ১ লাখ ১৫ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে ‘দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’। মঙ্গলবার প্রকাশিত এ পরিসংখ্যান অনুযায়ী কেবলমাত্র সেপ্টেম্বরেই নিহত হয়েছে ৫ হাজার মানুষ। সিরিয়ার রাসায়নিক অস্ত্র ধ্বংস করা নিয়ে আন্তর্জাতিক চুক্তিতেও দেশটিতে রক্তক্ষয় কমেনি। আন্দোলনকর্মীদের নেটওয়ার্ক, হাসপাতাল ও সামরিক সূত্রের ভিত্তিতে সহিংসতার তথ্য সংগ্রহ করে ‘অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ জানায়, প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত সেনা ও মিলিশিয়া যোদ্ধা মিলে নিহত হয়েছে প্রায় ৪৭ হাজার জন। এছাড়া সরকারপক্ষ ত্যাগ করে বিরোধীদের সঙ্গে যোগ দেয়া সেনা এবং বিদ্রোহী যোদ্ধা মিলে নিহত হয়েছে প্রায় ২৩ হাজার জন। অন্যদিকে বেসামরিক নাগরিক নিহতের সংখ্যা ৪১ হাজারেরও বেশি।