বেতার বাংলার সানডে স্পেশালের শততম পর্বে মমতাজ ও অনন্ত
প্রকাশ : ০২ অক্টোবর ২০১৩, ২০:৩৫
বাংলাদেশের বাইরে এবং বিলেতের একমাত্র ২৪ ঘণ্টার বাংলা রেডিও স্টেশন বেতার বাংলার বিশেষ আয়োজন সানডে স্পেশালের মাধ্যমে বাংলাদেশি তরুণ আরজে ও ব্রডকাস্টার ইকবাল ফেরদৌস নিয়মিতভাবে প্রবাসী বাঙালি ও বিশ্বের নানান প্রান্তে বাংলাদেশি শোবিজ তারকাদের ভেতরে এক মেল বন্ধন তৈরি করছেন। প্রতি সপ্তাহের রবিবারে ১৫০৩ ব্যান্ডে প্রচারিত এ অনুষ্ঠানে বাংলাদেশ থেকে একজন কিংবা দুজন তারকা শিল্পীর অংশগ্রহণে প্রাণবন্ত সময় কাটান বিলেতের প্রবাসী বাঙালিরা। গত দুবছরেরও বেশি সময় ধরে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে এরইমধ্যে বাংলাদেশ থেকে টেলিফোনে অংশগ্রহণ করেছেন দেশের প্রথমসারির সংগীতশিল্পী, অভিনেতা-অভিনেত্রী, লেখক-সাহিত্যিক, গীতিকার ও সাংবাদিকসহ প্রায় শ’খানেক তারকা। বেতার বাংলার জনপ্রিয় এ অনুষ্ঠান এবার পা রাখল ১০০তম পর্বে। আর শত পর্ব উপলক্ষে বেতার বাংলার বিশেষ সাক্ষাত্কারে অংশ নেবেন জনপ্রিয় সংগীতশিল্পী মমতাজ এবং সময়ের জনপ্রিয় চলচ্চিত্র তারকা অনন্ত জলিল। অনুষ্ঠানটি প্রচার হবে রবিবার লন্ডন সময় সকাল ১১টা থেকে ১২টা এবং বাংলাদেশ সময় দুপুর ৪টা থেকে ৫টা।