‘হসপিটালিটি ম্যানেজমেন্ট শিক্ষার প্রয়োজনীয়তা ও সম্ভাবনা’

সুইজারল্যান্ডের সুইস ইনস্টিটিউট ফর ম্যানেজমেন্ট অ্যান্ড হসপিটালিটিতে চিফ একাডেমিক অফিসার (একাডেমিক ডিন) হিসেবে কর্মরত রয়েছেন আমিন আহম্মেদ খন্দকার। আমেরিকান হোটেল অ্যান্ড লজিং এডুকেশনাল ইনস্টিটিউট থেকে সনদপ্রাপ্ত তিনিই বাংলাদেশের প্রথম সার্টিফায়েড হসপিটালিটি এডুকেটর (সিএইচই)। হসপিটালিটি বিষয়ে সুইজারল্যান্ড থেকে স্নাতক ডিগ্রি ছাড়াও সংশ্লিষ্ট বিষয়ে বিশ্বমানের সব প্রতিষ্ঠান থেকে প্রফেশনাল সনদ অর্জন করেছেন তিনি। হসপিটালিটি ম্যানেজমেন্ট বিষয়ে আগ্রহীদের জন্য এই শিক্ষার প্রয়োজনীয়তা ও সম্ভাবনা নিয়ে লিখেছেন তিনি। হসপিটালিটি ম্যানেজমেন্টের সাথে জড়িত প্রফেশনালদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো প্রশিক্ষণ। হাতে-কলমে এই বিষয়ে উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে এই খাতের জন্য প্রয়োজনীয় দক্ষ জনবল গড়ে তোলা যায়। আর এই বিষয়ে যারা পেশাদার হতে চান, তাদের ব্যক্তিত্ব এবং আচরণেরও বড় ধরনের ভূমিকা রয়েছে। হসপিটালিটি ম্যানেজমেন্টের সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো প্রার্থীদের এসব বৈশিষ্ট্য বিবেচেনায় রেখেই প্রার্থী বাছাই করে থাকে। এরপর তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণও প্রদান করা হয়। তারপরও হসপিটালিটি ম্যানেজমেন্ট প্রফেশনালদের কিছু কিছু বিষয়ে ঘাটতি দেখা যায়, যেগুলোকে আসলে তাদের প্রতি মুহূর্তেই ধারণ করা প্রয়োজন। এই ঘাটতিটুকু পূরণের জন্যই প্রয়োজন হয়ে পড়ে এই সংক্রান্ত শিক্ষার। প্রয়োজনীয় শিক্ষা এবং প্রশিক্ষণের সমন্বয়েই এই প্রতিষ্ঠান পৌঁছাতে পারে সাফল্যের শীর্ষে। হসপিটালিটি ম্যানেজমেন্টের প্রশিক্ষণগুলো মূলতই কিছু কিছু কাজ কতটা দক্ষতার সাথে করা যায় তা শেখায়। সঠিকভাবে এসব কাজ সম্পন্ন করাই একটি হসপিটালিটি ব্র্যান্ডের সাফল্য নিশ্চিত করতে সক্ষম। এক্ষেত্রে অবশ্য প্রতিষ্ঠানভেদে প্রতিটি বিষয়ই হতে পারে আলাদা আলাদা। একেকটি প্রতিষ্ঠান তার নিজের মতো করেই সেবার মানদণ্ড নির্ধারণ করে নেয়। আর তার সাথে সঙ্গতি রেখেই তারা নিজেদের মতো প্রশিক্ষণের মডিউল ডিজাইন করে থাকে। প্রশিক্ষণের বাইরে হসপিটালিটি ম্যানেজমেন্টের যে শিক্ষাক্রম রয়েছে, তার মূল কাজটি হলো হসপিটালিটি ম্যানেজমেন্টের সাথে জড়িত বিষয়গুলোর তত্ত্বীয় কাঠামো দাঁড় করানো এবং তার ব্যাখ্যা করা। একটি হোটেল, রেস্টুরেন্ট বা এই ধরনের প্রতিষ্ঠানগুলো কী উপায়ে সেবা প্রদান করবে, তাকে আরও গভীরভাবে জানার সুযোগ করে দেবে এই শিক্ষাক্রম। ফলে এই শিক্ষাক্রম এবং সংশ্লিষ্ট প্রশিক্ষণের সমন্বয় একজন ব্যক্তিকে হোটেল ম্যানেজমেন্টের সার্বিক বিষয় সঠিকভাবে অনুধাবন করতে সহায়তা করবে। যারা কেবল প্রশিক্ষণের মাধ্যমে সংশ্লিষ্ট কাজগুলো দেখে দেখে কাজ করে শিখতে চান, তাদের চাইতে প্রশিক্ষণ আর শিক্ষার সমন্বয় অনেক বেশি কার্যকরী। পাশাপাশি একটি প্রতিষ্ঠানের গণ্ডিতে আবদ্ধ না থেকে বাড়তি কিছু জানার কারণে নিজের প্রতিষ্ঠানের মধ্যেই নতুন নতুন পরিসেবা যুক্ত করার সুযোগ তৈরির প্রবণতাও তৈরি হয়। ফলে এই খাতের প্রফেশনালদের ক্যারিয়ারেও বাড়তি সম্ভাবনা যুক্ত হয়। এটি প্রতিষ্ঠানের জন্যও অনেক বেশি লাভজনক। কেননা এতে করে প্রতিষ্ঠানের প্রতি কর্মীদের দায়বদ্ধতা অনেক বেশি বেড়ে যায়। ফলে তাদের পক্ষে প্রতিপক্ষ প্রতিষ্ঠানে গিয়ে কাজ করার প্রবণতাও কমে। হসপিটালিটি ম্যানেজমেন্টের ফ্রন্ট লাইনে যারা কাজ করে থাকেন, তাদের মধ্যে সেবা প্রদানের বিষয়েও কখনও কখনও ভিন্ন চিত্র পাওয়া যায়। অনেক সময়েই হোটেলের কর্মীরা কোনো কোনো গ্রাহক সম্পর্কে নেতিবাচক ধারণা পোষণ করে থাকে। অনেক ক্ষেত্রেই গ্রাহকের নির্দিষ্ট কোনো একটি দিকেই মনোযোগী হন তারা। এই প্রবণতা ভালো ফলাফল বয়ে আনে না। হসপিটালিটি ম্যানেজমেন্ট পেশাদার হিসেবে এটি সমর্থনযোগ্য নয়। এই সমস্যার সমাধানেই কাজ করতে পারে হসপিটালিটি ম্যানেজমেন্ট বিষয়ক শিক্ষা। এই খাতের কর্মীরা কোন বিষয়গুলো নিয়ে কাজ করছে, তার প্রাতিষ্ঠানিক শিক্ষা তাদের সংশ্লিষ্ট কাজগুলোর সাথে সত্যিকার অর্থে সংযুক্ত করবে। এই খাতের কাজগুলো কীভাবে করতে হয়, সেটা শেখানোর সাথে সাথে তাদের শেখাতে হবে এই কাজগুলো কেন করতে হবে। কাজটি কীভাবে করতে হয় শুধু সেটা শেখানোর চাইতে কেন করতে হয় সেটাসহ শেখালে সেটা তাকে কাজের সাথে অনেক বেশি মনোযোগী করবে ও কাজের সাথে নিজের সম্পৃক্ততাকে বাড়াবে। হসপিটালিটির সাথে জড়িত বিভিন্ন কাজের তত্ত্বীয় ব্যাখ্যা তাদের কাজটিকে বুঝতেই অনেক বেশি সহায়তা করবে, যা তার কাজের দক্ষতাকে বৃদ্ধি করবে। বিশ্বব্যাপী হসপিটালিটি ম্যানেজমেন্ট খাতটি যেভাবে এগিয়ে যাচ্ছে, তার সাথে সাথে বাংলাদেশেও খাতটি যথেষ্ট সম্ভাবনাময় হিসেবেই দেখা দিয়েছে। তবে এই খাতটি নিয়ে অনেকের মধ্যে কিছু দ্বিধা রয়েছে। অনেকেই হয়ত একটি হোটেলের ওয়েটার বা কুক হওয়া নিয়ে নেতিবাচক ধারণা পোষণ করতে পারে। আমাদের দেশে হসপিটালিটি ম্যানেজমেন্ট এখনও প্রতিষ্ঠিত হয়নি বলেই এমন নেতিবাচক ধারণা প্রচলিত রয়েছে। তবে এটা মনে রাখতে হবে, এখন থেকেই যারা এই সেক্টরে ক্যারিয়ার শুরু করবে, তারাই কিন্তু ভবিষ্যতে নেতৃত্ব প্রদান করতে এই সেক্টরে। এর জন্য এই বিষয়ে আগ্রহীদের প্রয়োজনীয় প্রশিক্ষণের পাশাপাশি প্রয়োজন উপযুক্ত শিক্ষা। তাতে করে এই সেক্টরের পেশা গ্রহণ করার সিদ্ধান্ত গ্রহণ তাদের জন্য অনেক বেশি সহজ হবে। হোটেল ম্যানেজমেন্ট সম্পর্কে আরও জানতে ভিজিট করতে পারেন www.swissimh.ch ওয়েবসাইটটি।