ব্যতিক্রম শুধু উপজেলা মত্স্য অফিস

সরকারি চাকরির ক্ষেত্রে বদলি একটি নিয়মমাফিক ঘটনা। অন্তত চার-পাঁচ বছর পর পর স্থান পরিবর্তন হলে সরকারি কর্মচারীদের কর্মদক্ষতা, অভিজ্ঞতা যেমন বাড়ে, পাশাপাশি কাজের স্বচ্ছতা ও সেবার মানও বাড়ে। দীর্ঘদিন একই কর্মস্থলে অবস্থানের ফলে কাজে-কর্মে একঘেঁয়েমি এবং স্থবিরতা আসে। স্পষ্টত এ কারণেই মাঠ পর্যায়ের অফিসগুলোতে অর্থাত্ উপজেলা অফিসসমূহে প্রশাসনিক গতি অব্যাহত রাখার জন্য কর্মকর্তাসহ সকল স্তরের কর্মচারীদের চার-পাঁচ বছর পর পর বদলি করতে দেখা যায়। এ ক্ষেত্রে একেবারেই ব্যতিক্রম উপজেলা মত্স্য অফিস। মত্স্য অফিসার যদিও চার-পাঁচ বছর পর পর বদলি হন, কিন্তু অফিসারের একান্ত সহকারী অর্থাত্ অফিস সহকারীদের বদলি নেই বললেই চলে। অধিকাংশ অফিস সহকারীর বাড়ি নিজ নিজ উপজেলা বা পাশের উপজেলায় এবং দশ-পনেরো অথবা বিশ বছরের চাকরি জীবনে দু’একবার কর্মস্থল পরিবর্তন হয়েছে এমন সংখ্যা নগণ্য। আরো বিস্ময়ের ব্যাপার, অফিস সহকারী পদটি পদোন্নতিযোগ্য কিন্তু সুবিধাজনক স্থান পরিবর্তনের আশঙ্কায় অনেকেই পদোন্নতি পর্যন্ত নিতে চান না। বর্তমানে উপজেলা মত্স্য অফিসে উন্নয়নমূলক বিবিধ কার্যক্রম চলমান— ক্ষুদ্রঋণ বিতরণ, উন্মুক্ত জলাশয়ে মাছ ছাড়া, বিল নার্সারি করা, মত্স্য অভয়াশ্রম, জাটকা ও মা ইলিশ নিধন প্রতিরোধ কার্যক্রম, মত্স্য খাদ্য বিক্রি ও তৈরির লাইসেন্স প্রদান, কারন্টে জালসহ নিষিদ্ধ ঘোষিত জালের ব্যবহার রোধকরণ মত্স্যবাজার মনিটরিং, মত্স্য আইন বাস্তবায়ন, মত্স্য প্রদর্শনীর ব্যবস্থা, জেলে নিবন্ধনকরণ ইত্যাদি নানাবিধ নিজস্ব কার্যক্রমসহ উপজেলা পরিষদের নির্ধারিত অনেক কিছু কার্যক্রম বাস্তবায়ন হয়। দীর্ঘদিন একই স্টেশনে অবস্থানের ফলে স্বাভাবিকভাবে নিজ অফিস ও এলাকার ওপর এক ধরনের আধিপত্যের সৃষ্টি হয়। যার প্রভাব দাপ্তরিক কাজের ওপর পড়ে। তাছাড়া সকল বিল-ভাউচার তৈরি ও আর্থিক কাজগুলো অফিস সহকারী কর্তৃক সম্পন্ন হয় বলে ক্ষেত্রবিশেষে অফিসার বিশেষ আনুকূল্য পেয়ে থাকেন। উল্লিখিত কারণে অধিকাংশ অফিস সহকারী অফিস ও ফিল্ডে আধিপত্য বিস্তার করে থাকেন। উপজেলা মত্স্য অফিসে ন্যস্ত উন্নয়নমূলক কাজগুলোর সুষ্ঠু, স্বচ্ছ ও গতিশীলভাবে সম্পাদনের জন্য দীর্ঘদিন একই স্টেশনে কর্মরত কর্মচারীসহ বিশেষ করে অফিস সহকারীদের দ্রুত বদলি করা প্রয়োজন। এ ব্যাপারে মত্স্য অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। আকরাম হোসেন প্রধান মত্স্যচাষী ও মত্স্য খাদ্য বিক্রেতা, ১৫৯/এ-সেনপাড়া সড়ক, রংপুর