ঈদ ও পূজা উপলক্ষে নগরীতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে

রাজধানীতে সম্প্রতি ঘটে যাওয়া কয়েকটি আলোচিত হত্যাকাণ্ড নিয়ে হতাশ হওয়া বা ভেঙ্গে পড়ার কিছু নেই। এমন ঘটনা সামনে আর যাতে না ঘটে সে বিষয়ে পুলিশ ব্যবস্থা নিচ্ছে। গতকাল দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে ঈদুল আযহা ও শারদীয় দুর্গা উত্সবকে কেন্দ্র করে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বেনজীর আহমেদ এ কথা বলেন। সাংবাদিক সম্মেলনে ডিএমপি’র অতিরিক্ত কমিশনার (অর্থ) আবদুল জলিল মণ্ডল, এডিশনাল কমিশনার (প্রশাসন) আবদুল জলিল, অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মিলি বিশ্বাস, অতিরিক্ত কমিশনার (ডিবি) শেখ মারুফ হাসানসহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ডিএমপি কমিশনার বলেন, একই সময়ে ঈদুল আযহা ও শারদীয় দুর্গা উত্সব শুরু হওয়ায় এটা পুলিশের জন্য বড় চ্যালেঞ্জ। তাই রাজধানী জুড়ে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ৪ অক্টোবর থেকে ঈদ পরবর্তী সময় পর্যন্ত এ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রত্যেকটি পূজা মণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়া প্রত্যেক মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপনের জন্য অনুরোধ জানান কমিশনার। দুর্গা পূজায় প্রতিমা বিসর্জনের ব্যাপারে কমিশনার সূর্যান্তের আগেই বিসর্জন এবং নির্ধারিত রুট মেনে চলার অনুরোধ করেন। কমিশনার বলেন, কেউ অবৈধ গরুর হাট বসানোর চেষ্টা করলে সিটি কর্পোরেশনের লোকজন নিয়ে তাদের উচ্ছেদ করা হবে।