রিহ্যাবের ৫ সদস্যের পদ খারিজ
প্রকাশ : ০২ অক্টোবর ২০১৩, ২১:২১
প্লট ও ফ্ল্যাট ক্রেতা ও ভূমি মালিকদের অভিযোগের ভিত্তিতে পাঁচটি ডেভেলপার কোম্পানির সদস্যপদ বাতিল করেছে আবাসন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)।
সোমবার সন্ধ্যায় অনুষ্ঠিত রিহ্যাব কার্যনির্বাহী পরিষদের ২১তম সভায় সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে পাঁচটি ডেভেলপার কোম্পানির সদস্যপদ বাতিল করা হয়েছে। কোম্পানিগুলো হলো- গ্রীন ডেল্টা হাউজিং এ্যান্ড ডেভেলপমেন্ট (প্রা:) লি:, আরএসএ রিয়েল এস্টেট (প্রা:) লি:, জনতা ডেভেলপমেন্ট এ্যান্ড টেকনোলজিস লি:, ইন্টিমেট হোম বিল্ডার্স লি:, স্টাইল রিয়েল এস্টেট লি:।
সদস্যপদ খারিজ হওয়ায় এই কোম্পানিগুলো রিহ্যাব সদস্যপদ সম্বলিত সিল, বিলবোর্ড ও বিজ্ঞাপন প্রচার-প্রদর্শন ও ব্যবহার; দেশে-বিদেশে রিহ্যাব-এর বিভিন্ন মেলায় অংশগ্রহণ; সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, পরিদপ্তর ও সংস্থায় রিহ্যাব সদস্য পরিচয়ে সুযোগ-সুবিধা আদায়; রিহ্যাব-এর সুনাম ও সুখ্যাতি ব্যবহারে প্লট-ফ্ল্যাট, বাণিজ্যিক স্পেস বিক্রয়; বিভিন্ন অর্থলগ্নীকারী প্রতিষ্ঠান হতে আর্থিক সুবিধা গ্রহণ; রিহ্যাব নির্বাচনে ভোটার হওয়া; নির্বাচনে প্রতিন্দ্বিতা করা; রিহ্যাব বার্ষিক সাধারণ সভাসহ যেকোন সভায় অংশগ্রহণ সমেত সকল অধিকার ও সুযোগ রহিত করা হয়েছে। -প্রেস বিজ্ঞপ্তি