পদ্মার ভাঙ্গনে হুমকির মুখে রাজশাহী ক্যাডেট কলেজ

পদ্মায় পানি কমতে থাকায় রাজশাহী চারঘাট উপজেলায় ভাঙ্গন বেড়েছে। পদ্মার ভাঙ্গনে হুমকির মুখে পড়েছে রাজশাহী ক্যাডেট কলেজ। মাত্র ৫/৬ দিনের ব্যবধানে কলেজের সামনের প্রতিরক্ষা বাঁধ ও ব্লকের নীচ থেকে মাটি সরে গিয়ে অর্ধশতাধিক ফুট গভীর সুড়ঙ্গ তৈরি হয়েছে। এছাড়া প্রতিরক্ষা বাঁধের প্রায় একশ’ মিটার এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। জানা গেছে, চারঘাট উপজেলার সদরের সারদায় পদ্মা নদীর বাম তীরে ১৯৬৬ সালে ১১০ একর জমিতে ঐতিহ্যবাহী রাজশাহী ক্যাডেট কলেজ প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকেই কলেজটির সুনাম দেশ-বিদেশে বিস্তৃত হয়েছে। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানায়, পানি কমতে থাকায় সারদার ক্যাডেট কলেজ পয়েন্টে পদ্মার তীব্র স্রোত প্রতিরোধ বাঁধের নীচে আছড়ে পড়ছে। এতে প্রটেকশন বাঁধের নীচ থেকে মাটি ও ব্লক সরে গিয়ে অর্ধশতাধিক ফুট গভীর সুড়ঙ্গের সৃষ্টি হয়েছে। প্রায় একশ’ ফুট এলাকা জুড়ে ভাঙ্গন অব্যাহত থাকায় ওই অংশের প্রটেকশন বাঁধের মারাত্মক ক্ষতির ফলে ক্যাডেট কলেজ স্থাপনা হুমকির মুখে পড়েছে। উদ্ভূত পরিস্থিতিতে ক্যাডেট কলেজের অধ্যক্ষ লে. কর্নেল একেএম ইকবাল আজিম প্রতিরোধ বাঁধের ভাঙ্গন প্রতিরোধে জরুরি পদক্ষেপ গ্রহণের জন্য পানি উন্নয়ন বোর্ড এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। এর আগে পদ্মার ভাঙ্গনে ক্যাডেট কলেজের প্রায় ১২ একর জমি পদ্মাগর্ভে বিলীনের পর পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে ক্যাডেট কলেজ রক্ষায় ইতিপূর্বে বর্তমান প্রটেকশন বাঁধ ও পাথরের ব্লক বসানো হয়। ফলে সাময়িকভাবে ক্যাডেট কলেজটি পদ্মার ভাঙ্গনের কবল থেকে রক্ষা পায়। এ ব্যাপারে রাজশাহী পাউবোর নির্বাহী প্রকৌশলী হারুন অর রশীদ বলেন, ক্যাডেট কলেজের সামনে প্রতিরোধ বাঁধে পদ্মার ভাঙ্গনের খবর পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন এবং ক্ষতিগ্রস্ত এলাকার একটি স্থায়ী ডিজাইন তৈরি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছেন। বিষয়টি পাউবো কর্তৃপক্ষ গুরুত্বের সঙ্গে দেখছে উল্লেখ করে তিনি বলেন, পদ্মার পানি কমার সঙ্গে সঙ্গে স্রোতের তীব্রতাও কমতে থাকায় এই মুহূর্তে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা নেই। এ নিয়ে কলেজ কর্তৃপক্ষ ও এলাকাবাসীর আতঙ্কিত হওয়ার কারণ নেই।