হাতিয়ায় আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে ওসিসহ আহত ১০
হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা
প্রকাশ : ০২ অক্টোবর ২০১৩, ২১:৪৫
সোমবার রাতে নোয়াখালীর হাতিয়া উপজেলা সদরে আ’লীগের দু’গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে ওসিসহ ১০ জন আহত হয়। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শর্টগানের ১৫টি ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাসের ২টি সেল নিক্ষেপ করেন। ঘটনাস্থল থেকে পুলিশ ২ জনকে আটক করেছে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে ২৭ জনকে শনাক্ত করে এবং অজ্ঞাতনামা আরো ২শ’ জনকে আসামি করে মামলা দায়ের করেছে। বর্তমানে উপজেলা সদরে উত্তেজনা বিরাজ করছে। সোমবার যুবলীগ কর্মী আফছার উদ্দিনকে প্রতিপক্ষ মারধর করলে তার পক্ষে উপজেলা আ’লীগের সদস্য মো: নুরুল ইসলাম মামলা দায়েরের প্রস্তুতি নিলে প্রতিপক্ষ সাবেক এমপি মোহাম্মদ আলীর কর্মীরা তাকেও পিটিয়ে আহত করে। এনিয়ে উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অধ্যাপক ওয়ালী উল্ল্যাহ গ্রুপ এবং জেলা সহ-সভাপতি সাবেক এমপি মো: আলী গ্রুপ সন্ধ্যায় উপজেলা পরিষদের সামনে অবস্থান নেয়। পরে দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ ঘটে। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শর্টগানের ১৫টি ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাসের ২টি সেল নিক্ষেপ করেন। সংঘর্ষে পুলিশ পরিদর্শক মোস্তফা কামাল, এস আই মনির হোসেন, মনিরুজ্জামান, ত্রিদ্বিপ পালিত, কনস্টেবল মাইন উদ্দিন, মাইনুল, আ:জলিলসহ ১০ জন আহত হয়।