মুন্সিগঞ্জসহ বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
প্রকাশ : ০২ অক্টোবর ২০১৩, ২১:৪৮
মুন্সীগঞ্জ, বান্দরবান ও ময়মনসিংহের ফুলবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। খবর-ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের।
মুন্সীগঞ্জ
জেলার গজারিয়া উপজেলার জামালদী বাসস্ট্যান্ডে গত মঙ্গলবার সকালে ট্রাকের চাপায় অজ্ঞাতপরিচয় (৭০) এক বৃদ্ধ নিহত হয়েছেন। রাস্তা পার হওয়ার সময় কুমিল্লাগামী একটি ট্রাক পেছন থেকে তাকে চাপা দিলে এ ঘটনা ঘটে। ট্রাকসহ চালককে আটক করা হয়েছে।
বান্দরবান
বান্দরবান সড়কে গতকাল বুধবার সকালে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে খুখো মনি (৪৮) নিহত ও ৪ জন আহত হয়েছেন। আহতরা হলেন- সিরাজুল ইসলাম (৪৩), জুয়েল (৩০), টিংকি মনি (১৮) এবং সুইটি আক্তার (৮)। আহতদের প্রথমে বাইতুল ইজ্জত বিজিবি হাসপাতালে, পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফুলবাড়ীয়া (ময়মনসিংহ)
ফুলবাড়ীয়া আছিম সড়কের বিদ্যানন্দ কন্টিরপুল এলাকায় গত মঙ্গলবার বিকালে বাস চাপায় চাঁন মিয়া (৪০) নিহত ও ৩ জন আহত হয়েছেন। নিহত চাঁন মিয়া পেশায় দলিল লেখক। ফুলবাড়ীয়া সাব রেজিস্ট্রি অফিস থেকে কাজ শেষে ভাড়ায় চালিত মোটর সাইকেলে বাড়ি যাওয়ার পথে একটি বাসকে ওভারটেক করার সময় দুই মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে।