স্কুল রাগবী শুরু আজ
প্রকাশ : ০২ অক্টোবর ২০১৩, ২১:৫১
একাধিক স্কুল এবার আসতে পারেনি পরীক্ষার কারণে। আর যে সব স্কুলের পরীক্ষা শেষ সে সব স্কুল নিয়ে রাগবী টুর্নামেন্ট আজ শুরু হচ্ছে। খেলা বিকাল তিনটায় মতিঝিলস্থ মোহামেডান ক্লাব মাঠে শুরু হওয়ার কথা রয়েছে। যদি আজ দুপুরের মধ্যে পল্টন ময়দানের অনুমতি পাওয়া যায় তাহলে এখানেই খেলা হবে। পরীক্ষার কারণে গতবারের চ্যাম্পিয়ন রানার্সআপ দল আসেনি। কম দল নিয়েই বাংলাদেশ রাগবী ইউনিয়ন স্কুল টুর্নামেন্টের উদ্বোধন হবে। ১২টি দল লড়াই করছে তিন গ্রুপে। গ্রুপ চ্যাম্পিয়ন দল খেলবে সুপার লিগে। ৫ অক্টোবর ফাইনাল। টুর্নামেন্টের এবার চতুর্থ আসর। প্রথম আসর থেকে আবরণী ইন্টারন্যাশনাল পৃষ্ঠপোষকতা করে আসছে। এবারও তারা এগিয়ে এসেছে। এক লাখ আশি হাজার টাকার বাজেটের টুর্নামেন্টে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান দিচ্ছে দেড় লাখ টাকা। স্কুল রাগবীর দলগুলো হচ্ছে ক গ্রুপে সেন্ট গ্রেগরী হাই স্কুল, আলী আহমদ স্কুল এন্ড কলেজ, সামার ফিল্ড, খ গ্রুপে সেন্ট যোসেফ উচ্চ বিদ্যালয়, সেগুনবাগিচা হাই স্কুল, মেথোডিষ্ট ইংলিশ মিডিয়াম স্কুল, গ গ্রুপে সানিডেইল, সানসাইন প্রি ক্যাডেট স্কুল এবং শহীদ নবী উচ্চ বিদ্যালয়।