স্কটল্যান্ডের কোচের দায়িত্বে পল কলিংউড
প্রকাশ : ০২ অক্টোবর ২০১৩, ২১:৫১
সাবেক ইংল্যান্ড তারকা পল কলিংউড স্কটল্যান্ড ক্রিকেট দলের কোচ হিসাবে যোগ দিচ্ছেন। আগামী ২০১৪টি-২০ বিশ্বকাপ বাছাই-পর্বে স্কটল্যান্ড দলের কোচের দায়িত্ব পালন করবেন ইংল্যান্ড জাতীয় দলের সাবেক অধিনায়ক কলিংউড। আগামী মাসে সংযুক্ত আরব আমিরাতে এ বাছাই পর্ব অনুষ্ঠিত হবে। স্কটল্যান্ডের প্রধান কোচ পিটার স্টেইন্ডল বলেন, ‘বিশ্বকাপে খেলা নিশ্চিত করতে কোচ হিসাবে পল কলিংউডকে আমরা সঠিক ব্যক্তি হিসাবে চিহ্নিত করেছি।’ কেবলমাত্র ২০১৪ টি-২০ বিশ্বকাপ নয়, আগামী জানুয়ারিতে নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় ২০১৫ বিশ্বকাপ বাছাই-পর্বেও স্কটল্যান্ড দলের কোচের দায়িত্ব পালন করবেন ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি ওয়ানডে খেলা কলিংউড। গত মাসে ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশীপে ডারহামের নেতৃত্ব দেন কলিংউড। এদিকে টি-২০ বিশ্বকাপের বাছাই-পর্বের প্রস্তুতি হিসাবে এ মাসের শেষদিকে শ্রীলংকায় একটি অনুশীলন ক্যাম্প করবে স্কটল্যান্ড দল। ৮ নভেম্বর দলটি দুবাই পৌঁছাবে। আগামী ১৫ নভেম্বর বারমুদার বিরুদ্ধে গ্রুপে নিজেদের প্রথম ম্যাচের আগে যুক্তরাষ্ট্র ও নামিবিয়ার বিরুদ্ধে দু’টি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে স্কটিসরা। -বাসস