মুন্সীগঞ্জে তিন গ্রামের মানুষের মানববন্ধন

অপরিকল্পিত ড্রেজিংয়ে ফসলী জমি ও বাড়ি কেটে নেয়ার প্রতিবাদে মঙ্গলবার সদর উপজেলার মেঘনা তীরের বকচর, সৈয়দপুর ও চর জাজিরা গ্রামের কয়েকশ’ পরিবার মানববন্ধন করে। বেলা ১২টায় একযোগে তিন গ্রামের নারী-পুরুষ নদী তীরে এসে হাতে হাত ধরে প্রতিবাদ জানায়। মানববন্ধনকারীরা জানায়, রাতের আঁধারে ড্রেজিংয়ের পাইপ লাগিয়ে দিয়ে ফসলী জমি কেটে নেয়া হচ্ছে। এতে নদী তীরের বাড়ি-ঘরগুলো হুমকির মুখে পড়েছে। এলাকার তিন ফসলি জমিগুলো কেটে নেয়ায় চাষবাস ব্যাহত ছাড়াও এখানকার নদীর গতিপথ পরিবর্তনের আশঙ্কা দেখা দিয়েছে। মানববন্ধনকারীরা এসময় মেঘনার তীর ঘেঁষে বালু উত্তোলনকারী ড্রেজারের দিকে তেড়ে গেলে ড্রেজারগুলো দ্রুত মাঝ নদীতে চলে যায়। স্থানীয় প্রভাবশালীদের নাম উল্লেখ করে এ সময় মানববন্ধনকারী বিভিন্ন স্লোগান দিতে থাকে। এব্যাপারে বালু উত্তোলনকারী ইজারাদার আফছার উদ্দিন ভুঁইয়া জানান, সরকারের নিয়ম অনুযায়ী ড্রেজিংয়ের মাধ্যমে বালু উত্তোলন করা হচ্ছে। ইজারাকৃত নদীর বাইরে কাটা হচ্ছে না। তিনি আরও জানান, নদীতে এখন অনেক পানি থাকায় কুল-কিনারা দেখা যাচ্ছে না। গ্রামবাসী মনে করেছে তাদের জমি কেটে নেয়া হচ্ছে। জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল জানান, মূল নদীর মাঝে নির্দিষ্ট এলাকা বালুমহাল হিসাবে ইজারা দেয়া হয়েছে। ফসলী জমি তো দূরের কথা নদী তীরের কাছাকাছি এলাকায়ও ড্রেজার লাগানো নিষিদ্ধ। তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।