হোয়াইট হাউজের ওয়েবসাইট বন্ধ

যুক্তরাষ্ট্রের নতুন বাজেটে সেবা খাতে অর্থ বরাদ্দের বিল অনুমোদন না হওয়ায় দেশটির কেন্দ্রীয় সরকারের কার্যক্রমে স্থবিরতার মধ্যে হোয়াইট হাউজসহ সরকারি অধিকাংশ ওয়েবসাইট বন্ধ হয়ে গেছে। এমনকি মহাকাশ গবেষণা সংস্থা নাসার ওয়েবসাইটও বন্ধ পাওয়া গেছে। দেশটির অধিকাংশ সেবাখাত বন্ধ হয়ে গেছে। সরকারের এই অচলাবস্থার জন্য প্রেসিডেন্ট বারাক ওবামা তার এশিয়া সফর সংক্ষিপ্ত করেছেন। তিনি এই পরিস্থিতির জন্য বিরোধী রিপাবলিকানদের দায়ী করেছেন। খবর বিবিসি ও রয়টার্সের। কংগ্রেস সদস্যদের মধ্যে মতৈক্যে না হওয়ায় মঙ্গলবার মধ্যরাত থেকেই ১৭ বছর পর যুক্তরাষ্ট্র সরকার ফের অর্থনৈতিক অচলাবস্থার মধ্যে পড়ে। হোয়াইট হাউজের ওয়েবসাইটে কার্যক্রম বন্ধের নোটিস দিয়ে বলা হয়েছে, সরকারকে অর্থ বরাদ্দ নিয়ে কংগ্রেস আইন পাস করতে ব্যর্থ হওয়ায় এই ওয়েবসাইটে তথ্য হালনাগাদ করা না হতে পারে। আপনার প্রয়োজনে আমরা সাড়া দিতে পারছি না। আর নাসার ওয়েবসাইটের নোটিসে বলা হয়েছে, কেন্দ্রীয় সরকারের তহবিলের ঘাটতিতে এই ওয়েবসাইট দেখা যাচ্ছে না। এই অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের আট লাখ কর্মী অনিশ্চয়তার মুখে পড়েছেন। প্রয়োজনীয় বাজেটের অভাবে কার্যক্রম ব্যাহত হয়ে বন্ধ হয়ে গেছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সরকারি সাংস্কৃতিক প্রতিষ্ঠান স্মিথসোনিয়ান ইন্সটিটিউট। এতে বন্ধ হয়ে গেছে ইন্সটিউটের নিয়ন্ত্রণাধীন ১৯ জাদুঘর, গ্যালারি এবং জাতীয় চিড়িয়াখানাগুলো। যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন ন্যাশনাল পার্ক সার্ভিসও বন্ধ হয়ে গেছে। এর আওতাধীন স্ট্যাচু অব লিবার্টি পার্ক, ইয়োসেমাইট ন্যাশনাল পার্ক, আলকাতরাজ রিক্রিয়েশন এলাকার কার্যক্রমও বন্ধ রয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ৪ লাখ কর্মী এতে ক্ষতিগ্রস্ত হবে। বাণিজ্য মন্ত্রণালয়ের ৪০ হাজার ২শ’ জন কর্মী, পরিবহন মন্ত্রণালয়ের ১৮ হাজার ৫শ’ ও জ্বালানি মন্ত্রণালয়ের ১২ হাজার ৭শ’ কর্মী ক্ষতিগ্রস্ত হবে। তবে এয়ার ট্র্যাফিক কন্ট্রোল, জাতীয় নিরাপত্তা ও নিউক্লিয়ার অস্ত্র এবং নিউক্লিয়ার জ্বালানি খাতের আওতা বহির্ভূত থাকবে। যুক্তরাষ্ট্রের অন্যতম আলোচিত পররাষ্ট্র মন্ত্রণালয় অল্প সময়ের জন্য তাদের কার্যক্রম চালিয়ে নিতে পারবে। তবে প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের সামরিক অভিযানগুলো অব্যাহত রাখতে সক্ষম হবে। দেশটির শিক্ষা মন্ত্রণালয় সরকারি স্কুলগুলোর জন্য বরাদ্দ ২২ বিলিয়ন ডলার বিতরণ করতে পারবে কিন্তু এই মন্ত্রণালয়ের কর্মীরা মারাত্মক পরিস্থিতির মুখোমুখি হবে বলে ধারণা করা হচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয় ও মানবিক সেবা বিভাগের অর্ধেক কর্মীকে বাসায় পাঠিয়ে দেয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ফেডারেল রিজার্ভ, হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ ও বিচার বিভাগে তেমন বিরূপ প্রভাব পড়বে না। যুক্তরাষ্ট্রের পোস্টাল বিভাগে স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যেতে পারবে। সরকারের অচলাবস্থা পরিস্থিতি সামাল দিতে পূর্বপরিকল্পিত মালয়েশিয়া এবং ফিলিপাইন সফর বাতিল করেছেন ওবামা। তিনি দৃঢ় প্রত্যয়ের সঙ্গে বলেছেন, সরকারের কার্যক্রম পুনরায় চালু করতে রিপাবলিকানদের শর্ত হিসেবে স্বাক্ষরকৃত স্বাস্থ্যসেবার আইনের নড়চড় হবে না। হোয়াইট হাউজে দেয়া এক ভাষণে ওবামা বলেন, সাধারণ মানুষকে রিপাবলিকানরা জিম্মি করছে।