পিতা-মাতা হত্যায় ঐশীর সম্পৃক্ততা মিলেছে ডিএনএ পরীক্ষাতেও

পুলিশ কর্মকর্তা মাহফুজুর রহমান, তার স্ত্রী স্বপ্না রহমান ও মেয়ে ঐশী রহমানের ডিএনএ নমুনা পরীক্ষার রিপোর্ট গতকাল বুধবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হস্তগত হয়েছে। ঢাকা মেডিক্যাল কলেজের ফরেনসিক বিভাগের ন্যাশনাল ডিএনএ ফরেনসিক প্রোফাইলিং ল্যাবরেটরিতে (এনএফডিপিএল) এই ডিএনএ নমুনা পরীক্ষা করা হয়। চামেলীবাগের ফ্ল্যাট থেকে সংগৃহীত হত্যাকাণ্ডের বিভিন্ন আলামতে ৩ জনের ডিএনএ নমুনা মিলেছে। ঐশী ও তার বাবা-মা’র নমুনা মিলেছে। গৃহকর্মী সুমীর কোন ডিএনএ পরীক্ষায় ঘটনাস্থলে সম্পৃক্ততা পাওয়া যায়নি। ডিএনএ নমুনা হিসাবে ঘটনাস্থল থেকে সংগৃহীত রক্ত, চুল, শরীরের ছাপ পরীক্ষা করা হয়। এ ব্যাপারে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া এ্যান্ড কমিউনিকেশন শাখার উপ-কমিশনার মাসুদুর রহমান বলেন, ডিএনএ রিপোর্টে ঘটনাস্থলে ঐশী ও তার বাবা-মা’র সম্পৃক্ততা পাওয়া গেছে। এ থেকে ধারণা করা হচ্ছে, এই খুনের পিছনে একমাত্র ঐশীর সংশ্লিষ্টতা রয়েছে। একইসঙ্গে ঐশীর বয়স নির্ধারণের রিপোর্টও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে পৌঁছেছে। রিপোর্টে ঐশীর বয়স উল্লেখ করা হয়েছে আনুমানিক ১৯ বছর। গত ১৪ আগস্ট চামেলীবাগের ফ্ল্যাটে সিআইডি’র ইন্সপেক্টর মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমান খুন হন। এ ঘটনায় ডিবি তাদের সন্তান ঐশী রহমান ও ঐ বাড়ির গৃহকর্মী সুমীকে গ্রেফতার করে।