সাতক্ষীরায় শিশুর গলাকাটা লাশ উদ্ধার

জেলা শহরের ইটাগাছা এলাকা থেকে এক নবজাতক শিশুর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। ইটাগাছা আহলে হাদিস জামে মসজিদ সংলগ্ন কবরস্থানের পাশ থেকে গতকাল বুধবার সকালে এ লাশ উদ্ধার করে পুলিশ। সংশ্লিষ্টসূত্রে জানা যায়, মেহগনি গাছের ফল কুড়াতে গিয়ে গতকাল সকালে স্থানীয় এক যুবক শিশুটির গলাকাটা লাশ দেখতে পায়। পরে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। পুলিশ ধারণা করছে, অবৈধ সম্পর্কের জের ধরে এ সন্তান জন্মলাভ করে। পরে পরিচয় লুকাতে শিশুটিকে হত্যা করা হয়। স্থানীয়রা জানান, জন্মের পর শিশুটির দেহ থেকে মাথা টেনে ছিঁড়ে ফেলা হয়েছে।