হিলিতে বিজিবি’র অলিখিত কারফিউ
হাকিমপুর (দিনাজপুর) সংবাদদাতা
প্রকাশ : ০২ অক্টোবর ২০১৩, ২২:৩৩
হিলি স্থলবন্দরের চুরিপট্টি এলাকায় রাত ৮টার পর কোন দোকানপাট খোলা থাকলে বিজিবি হিলি ক্যাম্পের সদস্যরা এসে দোকান বন্ধ করে দিচ্ছে। দোকানের সামনে নিরাপত্তা আলো জ্বালাতেও নিষেধ করেছে বিজিবি। দোকানপাট বন্ধ থাকায় জনসাধারণকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
উপজেলা আইন-শৃঙ্খলা সমন্বয় কমিটির মাসিক সভায় উপজেলা ভাইস চেয়ারম্যান পারুল নাহার অভিযোগ করেন, বিজিবি রাত ৮টার পর কোন দোকানপাট খোলা রাখতে দিচ্ছে না। কিন্তু চোরাকারবারীরা দেদারছে চলাফেরাসহ এপার-ওপার ব্যবসায় চালিয়ে যাচ্ছে। স্থলবন্দরে বিজিবি’র এ ধরনের বিমাতাসুলভ আচরণে জনগণের দুর্ভোগ বাড়ছে। তিনি আরও বলেন, বিভিন্ন মিডিয়ায় অবৈধ অনুপ্রবেশসহ পাচার এবং চোরাচালানের খবর প্রকাশ হলেও বিজিবি কর্তৃপক্ষ নিরব ভূমিকা পালন করছে।
এদিকে সন্ধ্যার পর দোকানপাট খুলতে না দেয়ার প্রতিবাদে এলাকাবাসীর পক্ষে হিলি বন্দরের চুরিপট্টি মহল্লার নূরুল ইসলাম নূরু গত সপ্তাহে উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি প্রদান করেন। এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা, ভাইস চেয়ারম্যান পারুল নাহার প্রমুখ উপস্থিত ছিলেন।